২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লং মার্চের প্রচারে তেল-গ্যাস কমিটির সমাবেশ

আগামী ২৮-৩১ অক্টোবরের ঢাকা-সুনেত্র লং মার্চের প্রচারের অংশ হিসেবে মিছিল সমাবেশ করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৮-৩১ অক্টোবরের ঢাকা-সুনেত্র লং মার্চের প্রচারের অংশ হিসেবে মিছিল সমাবেশ করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। সোমবার কমিটির ঢাকা মহানগর শাখা আয়োজিত এ কর্মসূচিতে কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, "সরকারের ঘনিষ্ট একজন ব্যক্তি এবং তার সঙ্গে সংশ্লিষ্ট একটি লোভী দুষ্টচক্র বহুজাতিক কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে নাইজেরিয়া বানানোর পাঁয়তারা করছে। তারা জনজীবন এবং জাতীয় সার্বভৌমত্ব ধ্বংস করে জনগণের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে।" নেত্রকোনার হাওড় অঞ্চলের গ্যাসক্ষেত্র 'সুনেত্র'কে বহুজাতিক কোম্পানির কাছে ইজারা না দেওয়া, পিএসসি বাতিল, জাতীয় প্রতিষ্ঠান বাপেক্স এবং পেট্রোবাংলাকে শক্তিশালী করা, উন্মুক্ত খনির পরিকল্পনা বাতিল খনিজ সম্পদ রপ্তানি আইন বাতিলসহ ৭ দফা দাবিতে ২৮-৩১ লং মার্চ করবে কমিটি। ২০১০ সালে নেত্রকোনার হাওর অঞ্চলে বাপেক্স সুনেত্র গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। বাপেক্সের বিশেষজ্ঞরা ধারণা করছেন এ গ্যাসক্ষেত্রটিতে অন্তত ৪ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস রয়েছে। । এই গ্যাসক্ষেত্রটিতে গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের প্রতি বহুজাতিক কোম্পানি শেল আগ্রহ দেখানোর পর থেকে বাপেক্সের অধীনে গ্যাস উত্তোলনের দাবিতে আন্দোলন করে আসছে তেল গ্যাস ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/২২০৭ ঘ.