২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিড়ালের' নেওয়া অর্থ পুঁজিবাজারে ফেরাতে হবে: সুরঞ্জিত

পুঁজিবাজার থেকে তুলে নেওয়া অর্থ ফেরানোর মাধ্যমে বাজার স্থিতিশীল করতে সরকারের প্রতি পরামর্শ দিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 07:54 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার থেকে তুলে নেওয়া অর্থ ফেরানোর মাধ্যমে বাজার স্থিতিশীল করতে সরকারের প্রতি পরামর্শ দিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, "যেসব বিড়ালরা টাকা নিয়ে গেছেন, তাদের নাম বলতে চাই না, কিন্তু আপনারা আপনাদের টাকা ফেরত দেন, বাজার স্থিতিশীল হয়ে আসবে।" সপ্তাহ খানেক ধরে অস্থিরতা চলছে দেশের পুঁজিবাজারে। বিনিয়োগকারীরা এ নিয়ে বিক্ষোভও করেছেন। তবে বাজার স্থিতিশীল করতে সরকার কয়েকটি পদক্ষেপ নিয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেন, "আমিও তো বলি না, সরকার সব কাজ ভালো করছে। তবে সমালোচনা করতে হবে যৌক্তিকভাবে। পুঁজিবাজারে নতুন করে আরো ৫ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত ইতিবাচক ফল নিয়ে আসবে।" পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়াতে ৫ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বিএবি। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে সংসদ সদস্য সুরঞ্জিত বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের আইনটি ১৯৭৩ সালে প্রণয়ন করা হয়। এরপর জিয়াউর রহমান থেকে শুরু করে অনেক সরকার এসেছে কেউ বাতিল করেনি। তার মানে এ আইনের প্রতি সবার সর্মথন রয়েছে।" যুদ্ধাপরাধে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তি চেয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় সুরঞ্জিত বলেন, এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন। এভাবে বক্তব্য দিয়ে তাদের বিচার বন্ধ করা যাবে না। জামায়াত আমির মতিউর রহমান নিজামীর পক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুরঞ্জিত বলেন, "মুক্তিযুদ্ধের সময় নিজামী ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলো, এ কথা কে না জানে।" যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান রক্ষা করছে জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত বলেন, "আমাদের দেশে এ বিচারে আপিল করার সুযোগ রয়েছে। এর চেয়ে আর কত আন্তর্জাতিক এবং স্বচ্ছ মানের বিচার হবে।" আওয়ামী তরুণ লীগ আয়োজিত 'খালেদা জিয়ার রোড মার্চ : দেশ ও জাতির সর্বনাশ' শীর্ষক এ সভায় সুরঞ্জিত ছাড়াও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, তরুণ লীগের সভাপতি এম এইচ বাবুল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৩৫০ ঘ.