ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতায় যাওয়ার চিন্তা নিয়ে বসে না থেকে সরকারের 'অপশাসন' বিষয়ে জনগণকে জানানোর আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা হান্নান শাহ।
শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, "আগামীতে ক্ষমতায় যাবো- এই চিন্তায় 'গাছে কাঁঠাল, গোঁফে তেল দেওয়ার' মতো বসে থাকলে চলবে না। রাস্তায় নামতে হবে সবাইকে। সরকারের অপশাসনের বিষয়গুলো জনগণকে জানাতে হবে।"
জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক এম এ হাদীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। বিএসএমএমইউ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এই অনুষ্ঠানের আয়োজন করে।
দেশের স্বাস্থ্যখাতে সরকার যেসব 'নৈরাজ্যকর' পরিস্থিতি সৃষ্টি করেছে, তা জনগণের কাছে তুলে ধরতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান হান্নান শাহ।
চাঁপাইনবাবগঞ্জ রোড মার্চ সফল হয়েছে দাবি করে তিনি বলেন, "এই কর্মসূচির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবির প্রতি জনগণের ব্যাপক সাড়া মিলেছে।"
"চট্টগ্রাম, খুলনা, রংপুর বিভাগেও রোড মার্চ হবে। ওইসব কর্মসূচি শেষ হলে বিএনপি সরকার পতনের আন্দোলন শুরু করবে। সরকারকে পদত্যাগে বাধ্য করতে এরপর সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী করার কর্মসূচি দেওয়া হবে।"
সরকার মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও কলেজ-হাসপাতালে দলীয়করণ করে অনেককে চাকরিচ্যুত করেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেন, "আমাদের নেত্রী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে এসব অন্যায়ের বিচার করে চাকরিচ্যুতদের পুনর্বহাল করবেন।"
আশরাফ উস সালেহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএসএমএমইউ'র সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান মিয়া, বিশেষজ্ঞ চিকিৎসক সিরাজ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৯৫০ ঘ.
bdnews24