ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার নিয়ে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে এ বিষয়ে সংযত হয়ে কথা বলার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
নিজামী, মুজাহিদ, সাঈদী ও সাকা যুদ্ধাপরাধী নয়- খালেদার জিয়ার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে সুরঞ্জিত বলেন, "তিনি একজন জনপ্রতিনিধি এবং সংসদ সদস্য। এরকম দায়িত্বহীন বক্তব্য জনগণ বিরোধী দলীয় নেত্রীর কাছে আশা করে না।"
গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ রোডমার্চের পথে বগুড়ায় এক জনসভায় যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়ার সমালোচনা করে খালেদা জিয়া বলেন, "এটা বিচার নয়, প্রহসন। চার দলকে নিশ্চিহ্ন করার জন্য সরকার এই বিচার করছে। এজন্য নিজামী সাহেব, মুজাহিদ, সাঈদী ও সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।''
খালেদার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত বলেন, "আপনি কী সার্টিফিকেট বিতরণ করছেন, কে যুদ্ধাপরাধী আর কে যুদ্ধাপরাধী না? ৩০ লাখ মানুষের মৃত্যু কি মিথ্যা, দুই লাখ মা বোনের সম্ভ্রম হারানো কি মিথ্যা?"
"আপনার যদি তাদের হয়ে সাফাই গাইতে হয়, তাহলে রোডমার্চে নয়, আদালতে যান।"
যুদ্ধাপরাধের বিচার একটি স্পর্শকাতর বিষয় উল্লেখ করে এক্ষেত্রে সত্য, আইন ও সংবিধানের ভিত্তিতে কথা বলার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, "এগুলো নিয়ে নাড়াচাড়া বেশি করলে কেঁচো খুড়তে সাপ বেরিয়ে যেতে পারে।"
চাঁপাইনবাবগঞ্জ রোডমার্চে বিএনপির চেয়ারপার্সন সরকারের বিরুদ্ধে 'যুদ্ধ' ঘোষণা করেছেন উল্লেখ করে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, "আপনি বলেছেন, যুদ্ধ করবেন। কাদের সঙ্গে নিয়ে করবেন? এই রাজাকার, আলবদরদের সঙ্গে নিয়ে? তারা তো আমাদের সঙ্গে যুদ্ধ করেছে। আমরা বাংলাদেশ পেয়েছি, তারা পাকিস্তান হারিয়েছে।"
"এদের নিয়ে যুদ্ধ করলে জয়ী হওয়া যাবে না, পরাজিতই হতে হবে। কারণ পরাজিত শক্তি কখনো জয়ী হতে পারে না," যোগ করেন সুরঞ্জিত।
রোডমার্চ প্রসঙ্গে তিনি বলেন, "বিরোধী দলীয় নেতার ভাবখানা এমন যে, তিনি দুইবার রোডমার্চ করে দিগি¦জয় করে ফেলেছেন। তিনি তিনিবার প্রধানমন্ত্রী হয়েছেন বলেন, কিন্তু কয়বার বিরোধী দলীয় নেত্রী হয়েছেন সেটা বলেন না।"
শেখ রাসেলের ৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার রিপোর্টাস ইউনিটিতে আওয়ামী শিল্পীগোষ্ঠী এ আলোচনা সভার আয়োজন করে।
'দুঃখজনক'
লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুকে 'দুঃখজনক' উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "তিনি প্রথম জীবনে লিবিয়ায় সোনালী দিনের সূচনা করলেও পরে অপরাজনীতির সঙ্গে যুক্ত হন।"
শাসনের শেষ পর্যায়ে গাদ্দাফি জনগণের আশা আকাঙ্খা পূরণে ব্যর্থ হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার নিজের জন্মশহর সিরতে লিবিয়ার ট্রানজিশনাল কাউন্সিলের যোদ্ধাদের গুলিতে নিহত হন দীর্ঘ চার দশক ক্ষমতায় থাকা এই আরব নেতা।
সুরঞ্জিত বলেন, "গাদ্দাফি বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় এবং পুর্নবাসনে সহযোগিতা করেছিলেন।"
আওয়ামী শিল্পী গোষ্ঠীর সভাপতি সালাউদ্দিন বাদলের সভাপতিত্বে সংগঠনের নেতারা এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/জেকে/২৩৪৯ ঘ.
bdnews24