ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আওয়ামী লীগ নেতা হাজি নূর মোহাম্মদের খোঁজ জানতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে তার পরিবার। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তার মেয়ে বলছেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাই হয়তো তার বাবাকে বাসা থেকে ধরে নিয়ে গেছে।
ঢাকা মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী নূর মোহাম্মদের (৭৪) বিরুদ্ধে ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফজলুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বুধবার মধ্যরাতে সাভারের কাটলাপুরের বাড়ি থেকে হাজি নূরকে তুলে নিয়ে যায় একদল লোক।
নূর মোহাম্মদের ছোট মেয়ে মামনি আকতার শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা তিন বোন শুক্রবার সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় যান এবং তার বাবার বিষয়টি জানিয়ে সহযোগিতা চান।
"তিনি আমাদের কথা শুনেছেন। বাবাকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন", বলেন মামনি।
তিনি জানান, সাভারে ওই বাসার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তাদের মনে হয়েছে, আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই হাজি নূর মোহাম্মদকে ধরে নিয়ে গেছে।
"কয়েকজন বলেছে, র্যাব যে ধরনের গাড়ি ব্যবহার করে, তারও ওই রকম গাড়ি নিয়ে এসেছিল। তাছাড়া কাছেই পুলিশের গাড়ি ছিল বলে জানিয়েছেন কয়েকজন।"
অথচ র্যাব কার্যালয়, থানাসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও বাবার কোনো খোঁজ পাননি বলে জানান মামনি।
এ বছরের জানুয়ারি মাসে গুলিতে নিহত হন ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলু। তার এক সপ্তাহ আগে গুলিতে আহত হয়েছিলেন হাজি নূর। ওই ঘটনার পর থেকে সাভারের বাড়িতেই থাকছিলেন হাজি নূর।
তার ছেলে মামুনের বিধবা স্ত্রী মাকসুদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার তিনি তার দুই সন্তান নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে বাড়িতে তার কক্ষসহ ভাড়াটেদের পাঁচটি কক্ষের দরজা বাইরে থেকে কে বা কারা তালা লাগিয়ে দেয়।
"চিৎকারে আশেপাশের লোকজন এসে আমাদের দরজা খুলে দেয়। পরে দেখি শ্বশুরের ঘরে তিনি (হাজি নূর) নেই," বলেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান জিয়াউল আহসান বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খোঁজ নিয়ে জেনেছি, সাভার এলাকার দায়িত্বরত র্যাব সদস্যরা নূর মোহাম্মদকে আটক করেনি।"
গত কিছু দিনে বেশ কয়েকজনকে এভাবে ধরে নেওয়া হয়, যাদের খবর মিলছে না। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে এ কাজ করছে।
মামনি জানান, এ ব্যাপারে তারা সাভার থানায় অভিযোগ করেছেন। ঘটনার পর পুলিশ এসে দেখে বাড়ি ঘুরে দেখলেও এরপর আর কেউ কোনো খোঁজ নেয়নি।
এ ব্যাপারে সাভার থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "থানায় অভিযোগ পাওয়ার পর আমরা হাজি নূর মোহাম্মদকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২০৪৮ ঘ.
bdnews24