ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও কক্সবাজার জেলা সংসদের সাবেক সভাপতি তাহনুন বশির রানার স্মরণে সভা করেছে তার বন্ধুরা।
শুক্রবার বিকালে পুরানা পল্টনে মুক্তি ভবনের এ স্মরণ সভা আয়োজন করে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ও কেন্দ্রীয় খেলাঘর আসর।
ছাত্রত্ব ছাড়ার পর রানা খেলাঘর ও যুব ইউনিয়নের সংগঠক হিসেবে কাজ করছিলেন।
৩৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৮ সেপ্টেম্বর মারা যান রানা।
ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, সাজ্জাদ জহির চন্দন, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী, সংগঠক শিশির চক্রবর্তী, যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাফিজ আদনান রিয়াদ, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরিফুজ্জামান শরিফ, লুনা নূর, মানবেন্দ্র দেব, বর্তমান সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জল, রানার বোন নাহিদ চৌধুরী লিলি প্রমুখ।
বক্তারা কক্সবাজার জেলায় প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনে রানার ভূমিকা স্মরণ করেন।
রানা কক্সবাজার সৈকত খেলাঘর আসরের সভাপতি, কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যকরী কমিটির সদস্য, সামাজিক সংগঠন উত্তরা সৃজনশীল সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/২০৩০ ঘ.
bdnews24