২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকেই তত্ত্বাবধায়ক বিল আনতে হবে: গয়েশ্বর

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাইলে বর্তমান সরকারকেই সংসদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিল আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 12:19 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাইলে বর্তমান সরকারকেই সংসদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিল আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, "ক্ষমতাকে স্থায়ী করতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে সরকার। কিন্তু দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন জনগণ মানবে না। হতেও দেবে না। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাইলে সরকারকেই জাতীয় সংসদে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার বিল আনতে হবে।" সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাসের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার গত ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। সে অনুযায়ী, বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। বিএনপি শুরু থেকেই এর বিরোধিতায় বলে আসছে, আওয়ামী লীগ 'ক্ষমতা' পাকাপোক্ত করতেই সংবিধান সংশোধন করেছে। গয়েশ্বর অভিযোগ করেন, 'নির্বাচনী প্রক্রিয়া' বদল করে সরকার দেশকে 'অনিশ্চয়তার' পথে নিয়ে গেছে। "সরকারের এ ধরনের কার্যক্রম দেশের মানুষ সমর্থন করে না", যোগ করেন তিনি। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে সিলেট ও চাঁপাইনবাবগঞ্জ রোডমার্চে ওই অঞ্চলে গণজাগরণ সৃষ্টি হয়েছে দাবি করে এই বিএনপি নেতা কবলেন, "সেই জাগরণ দেখে আমাদের প্রধানমন্ত্রীর মাথা গরম হয়ে গেছে। তিনি ভয়ে আবোল-তাবোল বকছেন। রোড মার্চে গাড়ির হিসাব টুকছেন।" গত ১০ অক্টোবর ঢাকা-সিলেট রোডমার্চে অংশ নেওয়া দুই হাজারেরও বেশি গাড়ির মালিকদের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলে ১৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'এতো গাড়ির টাকা পেলেন কোথা থেকে?' যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দুর্নীতির কারণেই বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করেছে দাবি করে গয়েশ্বর বলেন, "আমরা শুনেছি, জনসাধারণ বলে- আবুল হোসেন ফাণ্ড কালেক্টর। সেজন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা কারো নেই।" পদ্মা সেতু প্রকল্প তদারকির জন্য প্রাক নির্বাচনী তালিকায় থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের 'দুর্নীতি'র তদন্তে বিশ্বব্যাংক কানাডা পুলিশকে অনুরোধ করলে পদ্মা সেতুতে 'দুর্নীতি'র বিষয়টি প্রকাশ্য হয়। এরপর বিশ্বব্যাংক এই প্রকল্পে অর্থায়ন স্থগিতের কথা জানায়। দেশের সর্ববৃহৎ এ নির্মাণ প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণের প্রতিশ্র"তি দিয়েছিল সংস্থাটি। কথিত সেই দুর্নীতি নিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দিকেও অভিযোগের আঙুল ওঠে। বদলি করা হয় সেতু বিভাগের সচিবকে। এ বিষয়ে সরকার এক প্রেসনোটে বলেছে, দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 'ঐতিহ্য সংসদ' নামে একটি সংগঠনের উদ্যোগে ' প্রতিহিংসার রাজনীতি: আগামীর বাংলাদেশ' শীর্ষক এই আলোচনা সভায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফের সভাপতিত্বে এই আলোচনা সভায় অন্যদের মধ্যে সাংবাদিক সাদেক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারেক শামসুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান মাহমুদ, কবি শরীফ আবদুল গোফরান, কামার ফরিদ, আসাদ বিন হাফিজ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৮১৩ ঘ.