২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণজাগরণে সরকার আতঙ্কিত: খালেদা

রোড মার্চে গণজাগরণ দেখে ক্ষমতাসীনরা আতঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 05:25 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোড মার্চে গণজাগরণ দেখে ক্ষমতাসীনরা আতঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া। তিনি অভিযোগে করেছেন, "প্রধানমন্ত্রী নিজেই বিরোধী দলের বিরুদ্ধে অসত্য প্রচারণায় নেমে দেশের রাজনৈতিক পরিবেশ কলুষিত করছেন।" বৃহস্পতিবার এক বিবৃতি প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপার্সন খালেদা এ অভিযোগ করেন। বিবৃতিতে গত ১৮-১৯ অক্টোবর হওয়া বিএনপির উত্তরাঞ্চল রোড মার্চ সফল করার জন্য ওই অঞ্চলের জনসাধারণ, নিজ দল, চার দল ও সমমনা দলের নেতা-কর্মী-সমর্থক ও পেশাজীবীদের অভিনন্দনও জানান তিনি। একই সঙ্গে রোড মার্চ শান্তিপূর্ণভাবে শেষ করতে র‌্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালন করায় তাদের প্র্রতিও ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা। বিবৃতিতে খালেদা বলেন, "রাজনীতিতে ভিন্নমত থাকতেই পারে। তবে এর প্রকাশ হতে হবে শালীন, সুরুচিপূর্ণ ও ব্যক্তিগত বিদ্বেষের ঊর্ধ্বে।" পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্ব ব্যাংকের তোলা 'দুর্নীতির' অভিযোগকে কেন্দ্র করে চলতি সপ্তাহে পাল্টাপাল্টি বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার খালেদা অভিযোগ করেন, এ প্রকল্পের অর্থ সরকার 'খেয়ে' ফেলেছে। যদিও সরকার বলেছে, এ প্রকল্পে এখনো কোনো অর্থ ছাড় করেনি দাতা সংস্থাগুলো। একই দিন এ বিষয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি আমলে দুর্নীতির কারণে পদ্মা সেতু প্রকল্পে অর্থয়ান স্থগিত করেছে বিশ্ব ব্যাংক। 'দুর্নীতির' অভিযোগ তুলে এর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ প্রকল্পে বিশ্ব ব্যাংক তার প্রতিশ্র"ত একশ ২০ কোটি ডলার ঋণ ছাড় স্থগিত রেখেছে। খালেদা অভিযোগ করেন, অতীতেও চারদলীয় জোট সরকারের আমলে তৎকালীন বিরোধীদলীয় নেতা হিসেবে শেখ হাসিনা রুচিহীন, কুৎসাপূর্ণ বাকসন্ত্রাস ও অপপ্রচারের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবেশকে সম্পূর্ণ কলুষিত করে ফেলেছিলেন। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত বিবৃতিতে খালেদা জিয়া বলেন, "পরিবেশ কুলষিত হবে এবং রুচিতে বাধে বলে আমরা সব সময় তাদের (আওয়ামী লীগ সরকার) এ সব অশালীন অসত্য অপপ্রচার ও কুৎসার জবাব দেই না। আমি বিশ্বাস করি, দেশের মানুষ সত্য ও মিথ্যা পার্থক্য ইতিমধ্যে বুঝতে পেরেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩২০ ঘ.