২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি ভাগ করার সিদ্ধান্ত উদ্দেশ্যমূলক: ফখরুল

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) দুই ভাগ করার সিদ্ধান্তকে 'রাজনৈতিক উদ্দেশ্যমূলক' উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) দুই ভাগ করার সিদ্ধান্তকে 'রাজনৈতিক উদ্দেশ্যমূলক' উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "ডিসিসিকে দুই ভাগ করার সিদ্ধান্ত রাজনৈতিক। নির্বাচন আরও পিছিয়ে নিতে সরকার এই নতুন অপকৌশল নিয়েছে। এর মাধ্যমে প্রমাণ হলো, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।" বিরোধী দলের পক্ষ থেকে দ্রুত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি। ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করতে মন্ত্রিসভা গত সোমবার স্থানীয় সরকার (সিটি করপোরেশ) আইন-২০০৯ সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়। সিদ্ধান্ত হয়, ঢাকার ৫৬টি ওয়ার্ড নিয়ে উত্তরে একটি এবং ৩৬টি ওয়ার্ড নিয়ে দক্ষিণে আরেকটি সিটি করপোরেশন হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, "ইংল্যাণ্ডের লণ্ডন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লসএঞ্জেলস, ভারতের দিল্লী- সব শহরেই একটি সিটি করপোরেশনের আওতায় একজন করে মেয়র রয়েছেন। বাংলাদেশের রাজধানীর ঢাকাও ঐহিত্যবাহী একটি মহানগরী। অথচ সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই করপোরেশনকে দ্ইু ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে।" "নগরবাসীর সমস্যার সমাধান না করে দুই ভাগ করার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়", যোগ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মতে, ডিসিসিকে দুই ভাগ করা হলে নগরবাসীর দুর্ভোগ কমবে না, বরং বাড়বে। এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, "আমরা আশা করবো- সরকারের শুভবুদ্ধির উদয় হবে। ডিসিসিকে দুই ভাগ করে নতুন করে সমস্যা সৃষ্টি করবেন না। '' সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কী করবেন- এ প্রশ্নের জবাবে ফখরুল বলেন, "এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত হবে।" বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, "যেখানে দীর্ঘদিন ধরে ডিসিসি নির্বাচন অনুষ্ঠানের দাবি চলে আসছে, সেখানে নির্বাচন না দিয়ে করপোরেশনকে দুই ভাগ করার এ সিদ্ধান্তের উদ্দেশ্য ভালো নয়।" "আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও ডিসিসি দুই ভাগ করার অঙ্গীকার ছিলো না", যোগ করেন তিনি। ঢাকার মেয়র ও মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেন, "ডিসিসির সীমিত সম্পদের মধ্যে নগরবাসীর সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। বিগত মেয়র মোহাম্মদ হানিফ এবং আমি ডিসিসিকে আরো গতিশীল করতে মেট্রোপলিটন অথিরিটি গঠন এবং এই সংস্থাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নেওয়ার প্রস্তাব করেছিলাম। কিন্তু তা হয়নি।" দলীয় ব্যানারে মেয়র নির্বাচিত হলেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন বলে দাবি করেন খোকা। ২০০২ সালের এপ্রিলে নির্বাচনে বিজয়ী হয়ে ৫ বছরের জন্য মেয়র হলেও এরপর আর ভোট না হওয়ায় ৯ বছরেরও বেশি সময় ধরে মেয়র হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন এই বিএনপি নেতা। খোকা বলেন, "বিভিন্ন সংস্থার সঙ্গে সিটি করপোরেশনের সমন্বয় না থাকায় রাজধানীর পানি-বিদ্যুৎ-গ্যাসসহ বিভিন্ন সমস্যার সমাধান হচ্ছে না। এসব সমস্যার সমাধান না করে সরকার কেন দুই ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে, তা আমার কাছে বোধগম্য নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৯৪৭ ঘ.