২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নেতা হাজি নূর 'গুম'

ঢাকার আওয়ামী লীগ নেতা হাজি নূর মোহাম্মদকে তার সাভারের বাসা থেকে ধরে নিয়েছে এক দল লোক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 08:52 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আওয়ামী লীগ নেতা হাজি নূর মোহাম্মদকে তার সাভারের বাসা থেকে ধরে নিয়েছে এক দল লোক। পরিবারের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে এসে বুধবার মধ্যরাতে সাভারের বাসা থেকে হাজি নূরকে তুলে নিয়ে যায়। ওই সময় র‌্যাবের গাড়িও ছিলো। তবে হাজি নূরকে আটক বা গ্রেপ্তারের কথা সরাসরি অস্বীকার করেছে র‌্যাব। হাজি নূর ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বছরের জানুয়ারি মাসে গুলিতে নিহত হন ফজলু। তার এক সপ্তাহ আগে গুলিতে আহত হয়েছিলেন হাজি নূর। হাজি নূর বুধবার ছিলেন সাভারের কাটলাপুরে তার বাড়িতে। সেখান থেকেই তাকে তুলে নেওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তারা জানান, জানুয়ারিতে গুলিতে আহত হওয়ার পর তিনি সাভারের ওই বাড়িতেই থাকতেন। হাজি নূরের ছেলে মামুনের বিধবা স্ত্রী মাকসুদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি তার দুই সন্তান নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে বাড়িতে তার কক্ষসহ ভাড়াটেদের পাঁচটি কক্ষের দরজা বাইরে থেকে কে বা কারা তালা লাগিয়ে দেয়। "চিৎকারে আশেপাশের লোকজন এসে আমাদের দরজা খুলে দেয়। পরে দেখি শ্বশুরের ঘরে তিনি (হাজি নূর) নেই," বলেন তিনি। হাজি নূরের জামাতা জাহাঙ্গীর আলম জানান, যারা তার শ্বশুরকে ধরে নিয়ে গেছে, তাদের শরীরে র‌্যাব বা পুলিশের কোনো পোশাক না থাকলেও বাইরে ছয়টি গাড়ির মধ্যে র‌্যাবের দুটি গাড়ি ছিলো বলে স্থানীয়রা দেখেছে। এ বিষয়ে জানতে চাইলে র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান জিয়াউল আহসান বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খোঁজ নিয়ে জেনেছি, সাভার এলাকার দায়িত্বরত র‌্যাব সদস্যরা নূর মোহাম্মদকে আটক করেনি।" গত কিছু দিনে বেশ কয়েকজনকে এভাবে ধরে নেওয়া হয়, যাদের খবর মিলছে না। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে এ কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৪৪৮ ঘ.