২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: জামায়াত নেতাদের মুক্তি চাইলেন খালেদা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াত ও বিএনপি নেতাদের মুক্তি চেয়েছেন চারদলীয় জোটপ্রধান খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 04:31 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াত ও বিএনপি নেতাদের মুক্তি চেয়েছেন চারদলীয় জোটপ্রধান খালেদা জিয়া। বুধবার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজ মাঠে চার দলের জনসভায় এ দাবি জানান তিনি। এ সময় খালেদা আবার দাবি করেন, ফজলুল হক আমিনীকে সরকার গৃহবন্দি করে রেখেছে। তিনি বলেন, "তাকে বাসা থেকে বেরুতে দেওয়া হচ্ছে না।" চাঁপাইনবাবগঞ্জমুখী রোড মার্চের অংশ হিসেবে নওগাঁয় এক পথসভায়ও বুধবারই এ দাবি করেন তিনি। আমিনীকে গ্রেপ্তার করা পরিণতি 'শুভ' হবে না বলে সরকারকে সতর্ক করেন তিনি। রাষ্ট্রদ্রোহ মামলায় আমিনীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার গ্রেপ্তার পরোয়ানা জারি করে আদালত। খালেদা দাবি করেন, জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমীর দেলওয়ার হোসাইন সাঈদী, সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লাকে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার এ নেতাদেরও মুক্তি দাবি করেন তিনি। গত ১১ অক্টোবর সিলেটে চার দলের জনসভায়ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সমালোচনা করে এ নেতাদের মুক্তি দাবি করেন খালেদা। মানবতাবিরোধী অপরাধের মামলা প্রসঙ্গে খালেদা বলেন, ''মিথ্যা মামলা দিয়ে জামায়াতের নেতাদের আটক রাখা হয়েছে। বলা হচ্ছে তারা স্বাধীনতাবিরোধী। "আমি বলতে চাই- যারা দেশের বিরুদ্ধে গোপন চুক্তি করেছে, সেই আওয়ামী লীগই স্বাধীনতাবিরোধী শক্তি। এদের বিরুদ্ধে আগামীতে ব্যবস্থা নিতে হবে।'' আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ভারতের সঙ্গে 'গোপন চুক্তি' করেছে বলে বিভিন্ন সময় দাবি করে এসেছে বিএনপি। খালেদা বিএনপির জ্যেষ্ঠ নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম, সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুরও মুক্তি দাবি করেন। সালাউদ্দিন মানবতাবিরোধী অপরাধের মামলায়, বাবর চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলায় এবং বাকিরা পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলায় আটক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২০২ ঘ.