ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে কারো বিরুদ্ধে সরকারি দলের হয়ে কাজ করার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাখাওয়াত প্রশাসনের সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "সরকারি লোকের মতো যাদের কাজ করার ইচ্ছা, তাদেরকে বলবো- নিজ দায়িত্বে সরে যান। কারো বিরুদ্ধে দলীয় প্রভাবের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক সাসপেন্ড করা হবে। কারণ এখন আপনারা সবাই ইসির অধীনে আছেন, কোনো দলের নয়।"
সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এরই মধ্যে নির্বাচনী এলাকায় ভোটের দুই দিন আগে থেকে চার কোম্পানি সেনা সদস্য নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া থাকছে প্রায় সাড়ে ৫ হাজার আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য।
নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রার্থীদের সমর্থন দেওয়ার মাধ্যমে বিধিমালা লঙ্ঘন করা হচ্ছে কিনা- জানতে চাওয়া হলে এই কমিশনার বলেন, স্থানীয় সরকার আইনে 'নির্দলীয়' কথাটি উল্লেখ না থাকায় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
এক্ষেত্রে কমিশন অনেকটাই 'অসহায়'- এমন মন্তব্যও করেন তিনি।
সাখাওয়াতের মতে, কোনো কোনো প্রার্থীকে রাজনৈতিক দলগুলো সমর্থন দেওয়ায় সব প্রার্থীর সমান সুযোগ বিঘ্নিত হচ্ছে। এ জন্য
দলীয় সমর্থন বাদ দিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ চালাতে অনুরোধ করেন এই কমিশনার।
আগামী ৩০ অক্টোবর নবগঠিত এ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে ছয় জন ও কাউন্সিলর পদে ৩০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সরকারি দল আওয়ামী লীগ থেকে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান সেলিনা হায়াৎ আইভী মনোনয়ন জমা দিলেও দলের সমর্থন পেয়েছেন শামীম। এ ছাড়া তৈমুর আলম খোন্দকার লড়ছেন বিএনপির সমর্থন নিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৪৪৯ ঘ.
bdnews24