২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রলীগের আরো ভাংচুর

ছাত্রলীগকর্মী খুনের ঘটনায় সিলেট নগরীতে আরো হামলা ও ভাংচুর চালিয়েছে সংগঠনটির সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

সিলেট, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগকর্মী খুনের ঘটনায় সিলেট নগরীতে আরো হামলা ও ভাংচুর চালিয়েছে সংগঠনটির সমর্থকরা। মঙ্গলবার রাতে ছাত্রলীগকর্মী আল মামুনের মৃত্যুর পর সংগঠনটির সমর্থকরা নগরীর বিভিন্ন এলাকায় ভাংচুর ও অগ্নিসংযোগ করে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় তালতলায় ব্যবসায়ীরা বিক্ষোভ করতে চাইলে ছাত্রলীগকর্মীরা পণ্ড করে দেয়। এরপর তারা ওই এলাকায় ১০-১৫টি দোকান ও ৮-১০টি যানবাহন ভাংচুর করে। এসময় শাহীন মিয়া (১৮) নামের এক হোটেল কর্মচরী আহত হয়। এছাড়া তাদের ইটপাটকেলের আঘাতে আহত হন অন্তত ৫-৬ জন। শাহীনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে পুলিশ বাধা দিলে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় তালতলা-শেখঘাট-লামাবাজার সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। দোকানপাটও বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮-১০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। ঘটনাস্থল থেকে বাবুল মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ। সিলেট কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকরাউন্ড ফাঁকা গুলি করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ওসি আরো বলেন, মামুন হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জসিম উদ্দিন, মিনহাজ উদ্দিন, সাব্বির আহমদ, সাহিবুর রহমান ও জাকির হোসেন নামের পাঁচ যুবককে আটক করেছে। তবে এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি বলে জানান তিনি। এদিকে বাদ আসর নগরীর নয়াসড়ক মসজিদে জানাজা শেষে হযরত মানিকপীর (রহ.) গোরস্থানে আল মামুনের দাফন সম্পন্ন হয়েছে। এছাড়া নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শোকর‌্যালি বের করে ছাত্রলীগ। কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা একটি সমাবেশ করে। সমাবেশে আল মামুনের খুনীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় জিন্দাবাজার এলাকায় দুর্বৃত্তের হামলায় আহত হন ছাত্রলীগকর্মী আল মানুন। রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এরপর ছাত্রলীগ সমর্থকরা নগরীর জিন্দাবাজার, তালতলা, রিকাবীবাজার, মির্জাজাঙ্গাল ও ওসমানী মেডিকেলে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৮ ঘ.