২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা পাঁচ জেলা ঘুরে যাবেন চাঁপাইনবাবগঞ্জে

খালেদা জিয়ার রাজশাহী বিভাগমুখী রোড মার্চ পাঁচটি জেলার ওপর দিয়ে চাঁপাইনবাবগঞ্জে গিয়ে শেষ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 09:59 AM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার রাজশাহী বিভাগমুখী রোড মার্চ পাঁচটি জেলার ওপর দিয়ে চাঁপাইনবাবগঞ্জে গিয়ে শেষ হবে। মঙ্গলবার থেকে শুরু হতে চাওয়া এ রোড মার্চের বহরে তিন হাজার গাড়ি থাকবে বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। এতে রোড মার্চের বিভিন্ন দিক তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে জনমত গঠনে রোড মার্চ করছেন বিএনপি চেয়ারপারসন। ঢাকা-চাঁপাইনবাবগঞ্জের আগে তিনি ঢাকা-সিলেট রোড মার্চ করেন। সংবাদ সম্মেলনে ফখরুল জানান, রোড মার্চ ঢাকা থেকে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাবে। এ রোড মার্চ রাজশাহী যাওয়ার কথা থাকলেও তা কাটছাঁট করা হয়। এর কারণ অবশ্য জানাননি বিএনপি নেতা। ফখরুল জানান, মঙ্গলবার বিকাল ৩টা বগুড়ার আলতাফুননেসা খেলার মাঠে এবং পরদিন বিকাল ৩টায় চাঁপাই নবাবগঞ্জের হরিমহন উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা। রোড মার্চে পথসভা হবে মোট চারটি স্থানে। স্থানগুলো হচ্ছে- গাজীপুরের কালিয়াকৈর, টাঙ্গাইলের ভুয়াপুরের এলেঙ্গা বাসস্ট্যান্ড, সিরাজগঞ্জের হাটিকুমরুল এবং নওগাঁর এ টি এম উচ্চ বিদ্যালয় মাঠ। হাটিকুমরুলের পথসভার অনুমতি এখনো না পাওয়ার কথা জানিয়ে ফখরুল বলেন, "ওই স্থানে ইতোমধ্যে প্রধানমন্ত্রী জনসভা করেছেন। আমরা আশা করছি, জেলা প্রশাসন আমাদেরও পথসভা করতে দেবে।" মঙ্গলবার রাতে বগুড়ায় রাত কাটাবেন খালেদা। পরদিন বিকালে চাঁপাইনবাবগঞ্জে জনসভা শেষে ঢাকায় ফিরবেন তিনি। নয়া পল্টনে সংবাদ সম্মেলনে ফখরুল সরকারের উদ্দেশে বলেন, "ক্ষমতায় থাকলে বোঝা যায় না যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরা প্রধানমন্ত্রীকে বলবো- দেয়ালের লিখন পড়–ন। জনগণের চোখের ভাষা বুঝতে চেষ্টা করুন।" তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না হলে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ সম্মেলনের আগে রোড মার্চের প্রস্তুতি নিয়ে একটি যৌথসভা করেন ফখরুল। এতে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ রোড মার্চ প্রস্তুতি কমিটির সমন্বয়ক নজরুল ইসলাম খান, ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, সালাহউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুক, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, আবদুস সালাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৫৪ ঘ.