ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনীর মতো দেশদ্রোহীদের জনগণকেই প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীর।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে এক সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আলমগীর বলেন , ''আমিনীর মতো দেশদ্রোহীরা আজ দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণকেই এ সব দেশদ্রোহীদের প্রতিহত করতে হবে।''
"তারা বাংলাদেশের সংবিধান মানে না। সংবিধান ছুড়ে ফেলার মতো গর্হিত কাজ করতে চায়। দেশের বিরুদ্ধে অবস্থানকারী এ ষড়যন্ত্রকারীদের কখনোই ছাড় দেওয়া হবে না", যোগ করেন তিনি।
আমিনীসহ সব রাষ্ট্রদ্রোহীকে গ্রেপ্তার এবং তাদের শাস্তির দাবিতে বঙ্গবন্ধু একাডেমি এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তখন একটি কুচক্রী মহল এ বিচার কাজে বাধা সৃষ্টির অপপ্রয়াস করছে বলে অভিযোগ করেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী আলমগীর।
বাংলাদেশের সংবিধান নিয়ে কটূক্তি করায় ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে বিচারিত আদালত।
চারদলীয় জোটের অন্যতম শরিক এ নেতা গত ১৪ জুলাই লালবাগে এক আলোচনা সভায় বলেছিলেন, সংশোধিত সংবিধান শুধু ছুঁড়ে ফেললেই হবে না, একে ডাষ্টবিনে ফেলে দিতে হবে।
তবে আমিনীর দাবী, তিনি এ কথা রূপক অর্থে বলেছেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু একাডেমির সদস্য হেমায়েত উদ্দিন, কৃষকলীগের সহ সভাপতি শেখ মো. জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক এম এ করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরআরডি/আরএ/১৩৩৮ ঘ.
bdnews24