নারায়ণগঞ্জ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদকের নারায়ণগঞ্জ সফরের পর সিটি করপোরেশন নির্বাচনে শেষ পর্যন্ত কে দলীয় সমর্থন পাচ্ছেন- তা নিয়ে মুখোমুখী অবস্থানে দাঁড়িয়েছেন দুই মেয়র প্রার্থী শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভী।
এই পরিস্থিতিতে ক্ষমতাসীন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলছেন, এ বিষয়ে কথা বলা তার জন্য সমীচীন হবে না।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় শুক্রবার সারাদিনই আলোচনার কেন্দ্রে ছিল তিন আওয়ামী লীগ নেতার সফর এবং শামীমকে সমর্থনের বিষয়ে দলটির শীর্ষ নেতাদের 'পরস্পরবিরোধী' বক্তব্য। শামীম ওসমান বিকেলে ঘণ্টাখানেক এবং আইভী প্রায় পাঁচ ঘণ্টা জনসংযোগ চালিয়ে ভোটারদের কাছে এ ব্যাপারে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
সাবেক সাংসদ শামীম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন সাংগঠনিক সম্পাদক বৃহস্পতিবার নারায়ণগঞ্জ এসে তার পক্ষে যে সমর্থনের ঘোষণা দিয়েছেন, তা দলীয় সিদ্ধান্ত। আর দলের এই সমর্থনে কোনো লুকোছাপা নেই।
অন্যদিকে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সহ সভাপতি আইভীর দাবি, দল এখন পর্যন্ত কাউকে সমর্থন দেয়নি। তিন সাংগঠনিক সম্পাদকের সমর্থন একন্তই তাদের ব্যক্তিগত বিষয়, দলীয় নয়।
শামীম ও আইভীর মধ্যে মেয়র পদে কে আওয়ামী লীগের সমর্থন পাবেন- তা ঠিক করতে তাদের নিয়ে কয়েক দফা বৈঠক করেন দলটির শীর্ষ নেতারা। খোদ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও তাদের নিয়ে আলাদাভাবে দুই দফা বৈঠক করেন। কিন্তু শেষ পর্যন্ত অনমনীয় থাকেন তারা। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদের কেউ।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন এই দুইজনসহ মেয়র পদের ৬ প্রার্থীর জন্য প্রতীক বরাদ্দ করে। ৩০ অক্টোবর নির্বাচনে শামীম 'দেয়ালঘড়ি' ও আইভি 'দোয়াত কলম' প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।
এই পরিস্থিতিতে আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, খালেদ মাহমুদ চৌধুরী এবং আবু সাঈদ স্বপন বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান এবং শামীম ওসমানকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।
আবু সাইদ আল স্বপন বলেন, "আমরা তিন সাংগঠনিক সম্পাদক একত্রে এখানে উপস্থিত হয়েছি। এ থেকেই বোঝা যায়, দলের সমর্থন কার পক্ষে।"
নির্বাচনী আচরণবিধির কারণে দল 'প্রকাশ্যে' সমর্থনের কথা জানাতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ শুক্রবার ঢাকায় সাংবাদিকদের বলেন, "কেউ হয়তো ব্যক্তিগতভাবে ওখানে (নারায়ণগঞ্জ) গিয়েছিলেন। তারা কারো পক্ষে ঘোষণা দিয়ে থাকলে আমার তা জানা নেই। আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) মুখপাত্র হিসেবে এ বিষয়ে আমার কথা বলা সমীচীন হবে না।"
সৈয়দ আশরাফুল ইসলামের অনুপস্থিতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা হানিফ বলেন, "স্থানীয় সরকার নির্বাচনে দলীয় হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। তারপরও আমরা দুই প্রার্থীকে এক হতে বলেছিলাম। কিন্তু তারা পারেননি।"
এর আগে সকালে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জে কাউকেই আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়নি। তিন সাংগঠনিক সম্পাদকের সমর্থনের বিষয়টি 'তাদের ব্যক্তিগত ব্যাপার'।
শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহর ও বন্দর এলাকায় জনসংযোগ করে ভোটারদের কাছে ঠিক একই রকম কথা তুলে ধরেন নারায়ণগঞ্জের সাবেক পৌর মেয়র সেলিনা হায়াৎ আইভী।
তিনি বলেন, মাহবুব উল আলম হানিফের বক্তব্যেই স্পষ্ট হয়ে গেছে যে, শামীম ওসমানের প্রতি তিন সাংগঠনিক সম্পাদকের সমর্থন দলীয় সমর্থন নয়। আর কোন নেতা কাকে সমর্থন দিলো, তাতে কিছু যায় আসে না।
"আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে নির্বাচনের মাঠে নেমেছি। ৩০ অক্টোবর পর্যন্ত মাঠে থাকবো। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। নির্বাচনে জয়ী হয়ে আমি দলীয় সভানেত্রীকে মেয়র পদটি উপহার দিতে চাই", যোগ করেন এই আওয়ামী লীগ নেতা।
অন্যদিকে বিকেলে নারায়ণগঞ্জ শহরে ঘণ্টখানেক গণসংযোগ করে শামীম ওসমান বলেন, তিন সাংগঠনিক সম্পাদক দলীয় সিদ্ধান্ত অনুসারেই তার প্রতি সমর্থন জানিয়ে গেছেন। এ বিষয়ে আর কোনো 'লুকোছাপা' নেই।
"ডা. সেলিনা হায়াত আইভী আওয়ামী লীগ করে। সে আমারই ছোট বোন। তাই আমি বিশ্বাস করি, আইভী দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আমাকে সমর্থন দেবে। আমার পক্ষে নির্বাচন করবে। ৩০ অক্টোবর থেকে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবে। এদিনই আমাদের নির্বাচন। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। আমি মনে করি আইভী তা উপলদ্ধি করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৯৩৭ ঘ.
bdnews24