২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার কথা বলা সমীচীন নয়: হানিফ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের প্রার্থী শামীম ওসমানকে আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদকের সমর্থন দেওয়ার বিষয়ে কথা বলতে রাজি নন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের প্রার্থী শামীম ওসমানকে আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদকের সমর্থন দেওয়ার বিষয়ে কথা বলতে রাজি নন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। শুক্রবার ধানমণ্ডির দলীয় কার্যালয়ে হানিফ সাংবাদিকদের বলেন, "কেউ হয়তো ব্যক্তিগতভাবে ওখানে (নারায়ণগঞ্জ) গিয়েছিলেন। তারা কারো পক্ষে ঘোষণা দিয়ে থাকলে আমার তা জানা নেই। আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) মুখপাত্র হিসেবে এ বিষয়ে আমার কথা বলা সমীচীন হবে না।" নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং নারয়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর মধ্যে কে আওয়ামী লীগের সমর্থন পাবেন- তা ঠিক করতে তাদের নিয়ে কয়েক দফা বৈঠক করেন দলটির শীর্ষ নেতারা। কিন্তু শেষ পর্যন্ত তারা অনমনীয় থাকেন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদের কেউ। বৃহস্পতিবার নির্বাচন কমিশন এই দুইজনসহ মেয়র পদের ৬ প্রার্থীর জন্য প্রতীক বরাদ্দ করে। ৩০ অক্টোবর নির্বাচনে শামীম 'দেয়ালঘড়ি' ও আইভি 'দোয়াত কলম' প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, খালেদ মাহমুদ চৌধুরী এবং আবু সাঈদ স্বপন বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান এবং শামীম ওসমানকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। আবু সাইদ আল স্বপন বলেন, "আমরা তিন সাংগঠনিক সম্পাদক একত্রে এখানে উপস্থিত হয়েছি। এ থেকেই বোঝা যায়, দলের সমর্থন কার পক্ষে।" নির্বাচনী আচরণবিধির কারণে দল 'প্রকাশ্যে' সমর্থনের কথা জানাতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি। অবশ্য তিন সাংগঠনিক সম্পাদকের এই সমর্থনকে 'দলীয় সমর্থন' বলে মানতে রাজি নন এ নির্বাচনের আরেক প্রার্থী শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আইভী। তিনি বলেন, "এটি কোনো দলীয় সমর্থন নয়। শামীম ওসমানের বন্ধু বান্ধবদের সমর্থন।" শুক্রবার একই মত প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তও। তিনি সাংবাদিকদের বলেছেন, নারায়ণগঞ্জে কাউকেই আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়নি। তিন সাংগঠনিক সম্পাদকের সমর্থনের বিষয়টি 'তাদের ব্যক্তিগত ব্যাপার'। এ বিষয়ে মাহবুব-উল-আলম হানিফ বলেন, "স্থানীয় সরকার নির্বাচনে দলীয় হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। তারপরও আমরা দুই প্রার্থীকে এক হতে বলেছিলাম। কিন্তু তারা পারেননি।" সৈয়দ আশরাফুল ইসলামের অনুপস্থিতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা হানিফ বলেন, "নির্বাচনী আচরণবিধি মেনে চলা আমাদের দায়িত্ব। কোনো একক প্রার্থীকে সমর্থন দেওয়া নির্বাচন কমিশনের আচরণবিধির পরিপন্থী।" সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির পর নির্বাচন কমিশনের অধীনে এটাই প্রথম নির্বাচন উল্লেখ করে হানিফ বলেন, "কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করছে। আমরা এমন কিছু করব না, বা বলব না- যা নির্বাচন কমিশনের আচরণবিধির পরিপন্থী হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসআই/জেকে/১৯৩৭ ঘ.