ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও পলিটেকনিক্যাল কলেজে ছাত্রলীগের উপদলীয় কোন্দলে চার জন আহত হয়েছেন। আহতদের সবাই কলেজ সংসদের জিএস মাসুমের অনুসারী।
তারা হলেন, রুবেল হোসেন (২৩), আমিনুল ইসলাম (২০), নকিবুল ইসলাম (১৮) ও আল মামুন (২০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা সবাই লতিফ ছাত্রাবাসের আবাসিক ছাত্র।
আহত রুবেল ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, "সকালে কলেজের ভিপি জাকিরের অনুসারী ছাত্ররা সবুজ নামে আমাদের একজন ছাত্রকে মারধর করে। সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি কলেজ অধ্যক্ষকে জানাতে তার অফিস কক্ষে গেলে সেখানে ভিপির অনুসারীরা আমাদের মারধর করে।"
অধ্যক্ষের সামনেই মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অবশ্য এ বিষয়ে ভিপি জাকিরের বক্তব্য পাওয়া যায়নি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছুদিন আগে রাহাত নামে ওই কলেজের এক জন ছাত্র নিহত হয়। এর জের ধরেই মারধরের এই ঘটনা ঘটেছে।
তবে এ ঘটনায় কেউ মামলা করেননি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৮৫৫ ঘ.
bdnews24