নারায়ণগঞ্জ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক সাংসদ শামীম ওসমানের প্রতি আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদকের সমর্থন ঘোষণাকে 'দলীয় সমর্থন' বলে মনে করেন না তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী।
বৃহস্পতিবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আইভী বলেন, "এটি কোনো দলীয় সমর্থন নয়। শামীম ওসমানের বন্ধু বান্ধবদের সমর্থন। বন্ধুদের যে কেউ এসে যে কাউকে সমর্থন দিতে পারে। কিন্তু সেটা দলীয় বিষয় নয়।"
নারায়াণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের এই দুই প্রার্থীর মধ্যে কে আওয়ামী লীগের সমর্থন পাবে তা ঠিক করতে তাদের নিয়ে কয়েক দফা বৈঠক করেন দলটির শীর্ষ নেতারা। কিন্তু শেষ পর্যন্ত তারা অনমনীয় থাকেন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও প্রার্থীতা প্রত্যাহার করেননি তাদের কেউ।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জে গিয়ে শামীম ওসমানকে সমর্থন দেওয়ার ঘোষণা ক্ষমতাসীন দলটির তিন সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, খালেদ মাহমুদ চৌধুরী এবং আবু সাঈদ স্বপন।
তাদের এই সমর্থন 'একান্তই ব্যক্তিগত' দাবি করে নারায়ণগঞ্জের সাবেক পৌর মেয়র আইভী রাতে সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগের মুখপাত্র হচ্ছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল উল আলম হানিফ। সন্ধ্যায়ও তিনি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে কাউকে সমর্থন দেওয়ার বিষয়ে কিছু বলেননি। তিনি কাউকে সমর্থনের কথা জানাননি।"
নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনপ্রত্যাশী আইভী বলেন, "আমি শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে নির্বাচনের মাঠে নেমেছি। ৩০ অক্টোবর পর্যন্ত মাঠে থাকবো।"
শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, "জেলা আওয়ামী লীগের আহবায়ক এস এম আকরাম বা আমিসহ দলের নেতাকর্মীদের না জানিয়েই এসেছিলেন তিন সাংগঠনিক সম্পাদক। আওয়ামী লীগ কোনো গোপন সংগঠন নয়, যে গোপনে এসে কাউকে সমর্থন দিয়ে যেতে হবে। তাছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এখন পর্যন্ত কাউকে সমর্থনের কথা জানাননি।"
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল স্বপন বলেন, "আমরা তিন সাংগঠনিক সম্পাদক একত্রে এখানে উপস্থিত হয়েছি। এ থেকেই বোঝা যায়, দলের সমর্থন কার পক্ষে।"
নির্বাচনী আচরণবিধির কারণে দল 'প্রকাশ্যে' সমর্থনের কথা জানাতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি।
এই ঘোষণা 'আনুষ্ঠানিক' কি না জানতে চাইলে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে তার কিছু জানা নেই।
তিন সাংগঠনিক সম্পাদকের বক্তব্যে দলের শৃংখলা নষ্ট হয়েছে দাবি করে আনোয়ার হোসেন বলেন, "আমরা আইভীকে নিয়ে নির্বাচনে নেমেছি। নির্বাচনে থাকবো।"
অন্যদিকে তিন সাংগঠনিক সম্পাদকের সমর্থনের ঘোষণায় শামীম ওসমান সমর্থক নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, দলের এ সিদ্ধন্ত নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে শামীম ওসমানের পক্ষে কাজ করার শক্তি যোগাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০১০৭ ঘ.
bdnews24