২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ নির্বাচন দলীয় হলে আমাদেরও সুবিধা: সিইসি

স্থানীয় নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়ায় রাজনৈতিক দলের সম্পৃক্ততা নিশ্চিতে স্থানীয় সরকার আইন পরিবর্তনের পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 05:53 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়ায় রাজনৈতিক দলের সম্পৃক্ততা নিশ্চিতে স্থানীয় সরকার আইন পরিবর্তনের পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। নারায়াণগঞ্জে মেয়র পদে আওয়ামী লীগের দুপ্রার্থীর একজনকে দলীয় সমর্থন দেওয়া নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে এ পরামর্শ দিলেন সিইস এ টি এম শামসুল হুদা। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের বলেন, "সব ধরনের স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো অনানুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ করে।" এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, "বাস্তবতার সঙ্গে আইনের ফারাক দূর করা উচিত। এ জন্য আইন পরিবর্তন করতে অসুবিধা কোথায়?" স্থানীয় নির্বাচন দলীয় হলে ইসিরও 'সুবিধা' বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীরা হলেন- আওয়ামী লীগের শামীম ওসমান, সেলিনা হায়াত আইভী, বিএনপি'র তৈমুর আলম খন্দকার, ইসলামী আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী এবং নির্দলীয় প্রার্থী শরীফ মোহাম্মদ ও আতিকুল ইসলাম জীবন। শামীম ও আইভীর মধ্যে আওয়ামী লীগ কাকে সমর্থন দেবে তা চূড়ান্ত করতে তাদের নিয়ে দলের শীর্ষ পর্যায়ে কয়েক দফা বৈঠক হয়। তবে দুজনের কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। বুধবার সন্ধ্যায় শামীমকে সমর্থনের ঘোষণা দেন আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদক। তবে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক (বর্তমানে ভারপ্রাপ্ত) বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। এদিন বিকেলেই ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমর্থন বিষয়ে কথা বলেন হানিফ। তিনি বলেন, "আমি পরিষ্কারভাবে বলছি, স্থানীয় নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু, তাদের কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। এখন আমরা বসে সিদ্ধান্ত নেব- আমাদের করণীয় কী।" অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির একক প্রার্থী থাকায় এ নিয়ে বিরোধী দল প্রকাশ্য কিছু বলেনি। 'আইন ও বাস্তবতায় বিরোধ' শামসুল হুদা বলেন, "স্থানীয় সরকারের সবক'টি নির্দলীয় নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে প্রভাবিত করে রাজনৈতিক দলগুলো। এটা একটা বিরাট সমস্যা। আইন ও বাস্তবতায় এখানে পরস্পরবিরোধিতা রয়েছে।" স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউপি) আইন অনুযায়ী, দলীয় প্রতীকে নির্বাচন হয় না বলেই এসব নির্বাচন নির্দলীয়। এ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে দলীয় মনোনয়ন দেওয়ারও বিধান নেই। তবে এক্ষেত্রে প্রার্থীর পক্ষে দলীয় সমর্থনে কোনো বাধা নেই বলে জানায় ইসি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, "বাস্তবতাকে অস্বীকার করে ফিকশনের কোনো মানে হয় না। এটা [স্থানীয় নির্বাচন] দলীয় হলে আমাদেরও সুবিধা।" বিকেলের সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের আচরণবিধির কথা উল্লেখ করে হানিফ বলেন, "এই নির্বাচন নিয়ে প্রকাশ্যে কিছু না বলার জন্য নির্বাচন কমিশনের বিধিনিষেধ আছে। আর নির্বাচন কমিশনার বলেছেন, এই নির্বাচন নিয়ে আমরা প্রকাশ্যে যা বলছি- তা আচরণবিধি লঙ্ঘনের সামিল।" 'এ মন্তব্য অনভিপ্রেত' ইভিএম নিয়ে বিএনপি সমর্থিত নারায়ণগঞ্জে বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকারের বক্তব্যকে অনভিপ্রেত বলে উল্লেখ করেন সিইসি। নির্বাচনী অপরাধের সর্বোচ্চ শাস্তি প্রার্থিতা বাতিলের কথা স্মরণ করিয়ে দেন তিনি। তৈমুর কয়েকদিন আগে সাংবাদিকদের কাছে এনসিসিতে ইভিএম ব্যবহারের বিরোধিতা করেন এবং ইভিএমে কারচুপির অভিযোগ তুলে 'মাগুরা উপ নির্বাচনের' তুলনা দেন। সিইসি বলেন, "ইভিএম না দেখে এ ধরনের মন্তব্য খুবই দুঃখজনক। এটা এক ধরনের নির্বাচনী অপরাধ।" বর্তমান ইসির অধীনে এটি শেষ নির্বাচন আয়োজন উল্লেখ করে শামসুল হুদা বলেন, "এনসিসি নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর হয়, সেজন্য সব ধরনের চেষ্টা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩১৮ ঘ.