ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে গিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের প্রার্থী শামীম ওসমানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদক।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নারায়ণগঞ্জ নির্বাচনে শামীম ওসমানের পক্ষে সমর্থন জানিয়ে এসেছি।"
অপর দুই সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে সঙ্গে নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত শামীম ওসমানের নির্বাচনী কার্যালয়ে অবস্থান করেন খালিদ। স্থানীয় আওয়ামী লীগ নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে তার কিছু জানা নেই।
নারায়াণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের দুই প্রার্থী সাবেক সাংসদ শামীম ওসমান এবং নারয়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির মধ্যে সমঝোতার জন্য আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাসহ শীর্ষ পর্যায়ের নেতারা এক সপ্তাহ ধরে দফায় দফায় বৈঠক করলেও তারা অনমনীয় থাকেন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও প্রার্থীতা প্রত্যাহার করেননি তাদের কেউ।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন এই দুইজনসহ মেয়র পদের ৬ প্রার্থীর জন্য প্রতীকও বরাদ্দ করেছে। সে অনুযায়ী শামীম ওসমান 'দেয়ালঘড়ি' ও সেলিনা হায়াত আইভি 'দোয়াত কলম' প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।
বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভনেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহাবুব-উল-আলম হানিফ বলেন, "আমি পরিষ্কারভাবে বলছি, স্থানীয় নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু, তাদের কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। এখন আমরা বসে সিদ্ধান্ত নেব- আমাদের করণীয় কী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২১১৮ ঘ.
bdnews24