ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু এভিনিউয়ে একুশ অগাস্ট গ্রেনেড মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) খোদা বক্স আদালতে দাবি করেছেন, তিনি ওই হামলার দিন দেশের বাইরে ছিলেন।
বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে খোদা বক্সের অব্যাহতির আবেদনের শুনানিতে তার আইনজীবী এমএ রশীদ এ দাবি তুলে ধরেন।
একুশ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বর্তমানে অভিযোগ গঠনের শুনানি চলছে। বিচারক শাহেদ নূর উদ্দিন অন্য ১২ আসামির অব্যাহতির আবেদন শুনানির জন্য ১৭ অক্টোবর দিন রেখেছেন।
খোদা বক্সের পক্ষে শুনানিতে তার আইনজীবী এমএ রশীদ বলেন, ঘটনার সময় এই পুলিশ কর্মকর্তা বাংলাদেশে ছিলেন না। জাতিসংঘের একটি সম্মেলনে যোগ দিতে তিনি ব্রাজিলে ছিলেন। হামলার কোনো ষড়যন্ত্রেও তিনি জড়িত ছিলেন না। প্রশাসনিক সহযোগিতাও করেননি।
আইনজীবী বলেন, "কীভাবে, কার সঙ্গে, কবে ২১ অগাস্ট গ্রেনেড হামলা বিষয়ে আলাপ করেছেন এবং প্রশাসনিক সহযোগিতা কাকে ও কবে দিয়েছেন- তা অভিযোগপত্রসহ মামলার কোনো কাগজে সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই। খোদা বক্সের বিরুদ্ধে মামলার ঘটনার কোনো প্রাথমিক সত্যতাও মেলেনি।"
এ সময় অব্যাহতির সমর্থনে উচ্চ আদালতের বিভিন্ন নজির এবং সিদ্ধান্ত উপস্থাপন করেন রশীদ।
এ মামলায় কারাগারে থাকা সব আসামিকে বৃহস্পতিবার শুনানির সময় আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা আসামি বিএনপি সমর্থক কমিশনার আরিফুর রহমান আরিফও উপস্থিত ছিলেন।
গত ৯ অক্টোবর রাষ্ট্রপক্ষের অভিযোগ উপস্থাপনের মধ্য দিয়ে ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় দুই মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়।
২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় অন্তত ২৪ জন নিহত হয়। আহত হয় শতাধিক। ওই হামলায় শেখ হাসিনার শ্রবণ ইন্দ্রিয় ক্ষতিগ্রস্ত হয়। হামলার ঘটনায় দুটি মামলা হয়, যার একটি হত্যা এবং অপরটি বিস্ফোরক মামলা।
চলতি বছরের ৩ জুলাই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে ২১ অগাস্ট গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি।
মামলার অন্যতম আসামি মুফতি আবদুল হান্নান গত ৭ এপ্রিল হাকিমের কাছে তারেক, হারিস, বাবরসহ কয়েকজনকে গ্রেনেড হামলার সঙ্গে জড়িয়ে জবানবন্দি দিলেও পরে তা প্রত্যাহারের আবেদন করেন।
এ মামলায় আসামিদের মধ্যে একজন জামিনে এবং ১৯ জন পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এএল/জেকে/২০০৬ ঘ.
bdnews24