২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ১৪৪ ধারা

বিএনপি ও ছাত্রলীগ এক সময়ে একই স্থানে সভা ডাকায় বেনাপোলে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

বেনাপোল, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও ছাত্রলীগ এক সময়ে একই স্থানে সভা ডাকায় বেনাপোলে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। বিএনপির কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলামের তৃতীয় কারামুক্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৪টায় বেনাপোল হাই স্কুল মাঠে সমাবেশ ডেকেছিলো শার্শা উপজেলা বিএনপি। পরে একইস্থানে উপজেলা ছাত্রলীগও সমাবেশ ডাকে। দুই দল একই স্থানে সমাবেশ করতে চাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা থেকে ওই মাঠের আশপাশের এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ জানিয়েছেন। সভাস্থলে পুলিশ অবস্থান নেওয়ায় কোনো পক্ষই সমাবেশ করতে পারেনি। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির সাংবাদিকদের বলেন, তাদের সমাবেশ বানচাল করার জন্য সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ পরিকল্পিতভাবে সমাবেশ ডাকে । তবে বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল আলম তুহিন বলেন, তারা নিয়ম মেনেই সমাবেশের জন্য প্রশাসনের কাছে অনুমতি নিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৮২৭ ঘ.