ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সাংসদ শামীম ওসমান এবং নারয়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির মধ্যে সমঝোতা না হওয়ায় আওয়ামী লীগ বৈঠক করে 'করণীয়' ঠিক করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।
নারায়াণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের এই দুই প্রার্থীর মধ্যে সমঝোতার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ শীর্ষ পর্যায়ের নেতারা এক সপ্তাহ ধরে দফায় দফায় বৈঠক করলেও তাদের কেউই প্রার্থীতা প্রত্যাহার করেননি। বুধবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন এই দুইজনসহ মেয়র পদের ৬ প্রার্থীর জন্য প্রতীকও বরাদ্দ করেছে। সে অনুযায়ী শামীম ওসমান 'দেয়ালঘড়ি' ও সেলিনা হায়াত আইভি 'দোয়াত কলম' প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।
এই অবস্থায় বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভনেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহাবুব-উল-আলম হানিফ বলেন, "আমি পরিষ্কারভাবে বলছি, স্থানীয় নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু, তাদের কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। এখন আমরা বসে সিদ্ধান্ত নেব- আমাদের করণীয় কী।"
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের আচরণবিধির কথা উল্লেখ করে হানিফ বলেন, "এই নির্বাচন নিয়ে প্রকাশ্যে কিছু না বলার জন্য নির্বাচন কমিশনের বিধিনিষেধ আছে। আর নির্বাচন কমিশনার বলেছেন যে, এই নির্বাচন নিয়ে আমরা প্রকাশ্যে যা বলছি- তা আচরণবিধি লং নের সামিল।"
"আমি সাংবাদিকদের কাছে অনুরোধ করবো- আপনারা আমাদের আচরণবিধি অনুসরণে সহায়তা করুন," যোগ করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৭৩৯ ঘ.
bdnews24