২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে প্রয়োজনে সেনা মোতায়েন: সিইসি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা আপাতত না থাকলেও 'প্রয়োজনে' তা-ও করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 09:12 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা আপাতত না থাকলেও 'প্রয়োজনে' তা-ও করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। নবগঠিত এ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীদের নিয়ে বিতর্ক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী ২৫ অক্টোবর নারায়ণগঞ্জে ওই বিতর্ক হবে। আগামী ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। এতে মেয়র পদে ছয় জন এবং কাউন্সিলর পদে তিন শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারায়ণগঞ্জে সেনা মোতায়েন হবে কি না- জানতে চাওয়া হলে সিইসি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, " সেনা মোতায়েনের বিষয়টি আমাদের চিন্তার মধ্যে রয়েছে। নির্বাচনী এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি দেখি সেনা মোতায়েন প্রয়োজন, সেক্ষেত্রে দরকার হলে সেনা মোতায়েন করবো আমরা।" নির্বাচনের দুই দিন আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র‌্যাব, পুলিশ, এপিবিএন, কোস্টগার্ড, আনসার সদস্যদের মোতায়েনের কথা রয়েছে। ইসির পরিকল্পনা অনুযায়ী, নারায়ণগঞ্জের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর মোট সাড়ে ৫ হাজার সদস্য মোতায়েন থাকবে। নারায়ণগঞ্জে ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭০৬ জন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনের আগের দুদিন এবং পরের দুদিন মিলিয়ে মোট পাঁচ দিন মোতায়েন থাকবে। "সেনা মোতায়েন হলে তো এখন থেকে নয়, নির্বাচনের দুই দিন আগে আইন শৃঙ্খলাবাহিনীর অন্য সদস্যদের সঙ্গে মোতায়েন করা হবে," বলেন সিইসি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এ নির্বাচনে মোতায়েন না থাকায় র‌্যাব সদস্য বেশি থাকবে ইতোমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে। এ নির্বাচনে মোট ৬০০ জন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ৫৮টি কেন্দ্রের ৪৫০টি ভোট কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে। নির্বাচনী এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে ২৪ জন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবে। ২৭টি ওয়ার্ডের প্রতিটিতে আচরণবিধি পর্যবেক্ষণে ভিডিও ক্যামেরা নিয়ে ইসির নিজস্ব লোক টহলে থাকবে। স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স হিসেবে প্রতিটি ওয়ার্ডে একজন করে মোট ২৭ নির্বাহী হাকিম এবং তিনটি ওয়ার্ড মিলে একজন করে মোট ৯ জন বিচারিক হাকিম তদারিক করবে শৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচনী পরিবেশ ঠিক রাখার আহ্বান রাজনৈতিক দল সমর্থিত মেয়র প্রার্থীদের নির্বাচনী পরিবেশ ব্যাহত না করার আহ্বান জানিয়েছেন সিইসি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্ত করা নিয়ে শীর্ষ পর্যায়ের সরাসরি হস্তক্ষেপে অসন্তোষ প্রকাশ করেন তিনি। শামসুল হুদা বলেন, "স্থানীয় সরকারের সবক'টি নির্দলীয় নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে প্রভাবিত করে রাজনৈতিক দলগুলো। এটা একটা বিরাট সমস্যা। আইন ও বাস্তবতায় এখানে পরস্পরবিরোধিতা রয়েছে। "আমরা বলছি, দলীয় হস্তক্ষেপ রাখতে হলে প্রয়োজনে আইনে পরিবর্তন করুন। স্থানীয় নির্বাচন দলীয় হলে আমাদেরও সুবিধা।" এনসিসি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী চূড়ান্ত করতে শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভিকে নিয়ে দলের শীর্ষ পর্যায়ে কয়েক দফা বৈঠক হয়। অবশ্য, দুজনের মধ্যে কোনো ধরনের সমঝোতা না হওয়ায় কেউই মনোনয়ন প্রত্যাহার করে নি। তৈমূরের মন্তব্য 'অনভিপ্রেত' ইভিএম নিয়ে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের বক্তব্যকে অনভিপ্রেত বলে উল্লেখ করেন সিইসি। নির্বাচনী অপরাধের সর্বোচ্চ শাস্তি প্রার্থিতা বাতিলের কথা স্মরণ করিয়ে দেন তিনি। তৈমূর এনসিসিতে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে এতে কারচুপির অভিযোগ শঙ্কা প্রকাশ করে বক্তব্য দিয়েছেন। তার দলও সরাসরি ইভিএমের বিরোধিতা করছে। সিইসি বলেন, "ইভিএম না দেখে এ ধরনের মন্তব্য খুবই দুঃখজনক। এটা এক ধরনের নির্বাচনী অপরাধ। নির্বাচনী অপরাধের সর্বোচ্চ শাস্তি প্রার্থিতা বাতিল। আমরা আশা করবো, কোনোভাবে কেউই নির্বাচনী পরিবেশ বিঘিœত করবেন না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৮০০ ঘ.