২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খালেদার বক্তব্য স্থূল রসিকতা'

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, প্রধানমন্ত্রীর ধর্মীয় অবস্থান নিয়ে প্রশ্ন তুলে খালেদা জিয়া আসলে সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গা সম্পর্কেই 'রসিকতা' করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 11:53 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, প্রধানমন্ত্রীর ধর্মীয় অবস্থান নিয়ে প্রশ্ন তুলে খালেদা জিয়া আসলে সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গা সম্পর্কেই 'রসিকতা' করেছেন। মঙ্গলবার এক সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের ওই বক্তব্যকে 'শিষ্টাচার বহির্ভূত' উল্লেখ করে তা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য। বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, "খালেদা জিয়া মা দুর্গা সম্পর্কে স্থূল রসিকতা করে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। কারো ধর্মের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ সবার অনুভূতিতে লাগে- এটা মনে রাখা উচিত। এ ধরনের বক্তব্য আমরা আশা করি না।" সিলেটে চারদলীয় জোটের জনসভায় মঙ্গলবার খালেদা জিয়া বলেন, "প্রধানমন্ত্রী পূজামণ্ডপে গিয়ে বলেছেন, 'আমাদের মা গজে চড়ে এসেছে'। তাহলে কি তার মা দুর্গা? আমরা জানতে চাই উনি আসলে কোন ধর্মে বিশ্বাসী।" বিরোধীদলীয় নেতার এ বক্তব্য হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে মন্তব্য করে সুরঞ্জিত বলেন, দুর্গা পূজা উপলক্ষ্যে রামকৃষ্ণ মিশনের আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিরোধীদলীয় নেতা বিকৃতও করেছেন। জাতীয় চার নেতা পরিষদ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 'সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়াই সকল সমস্যার সমাধন' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। বিরোধীদলের রোডমার্চ কর্মসূচির সমালোচনা করে সুরঞ্জিত বলেন, "সরকারের পতন ছাড়া বিএনপি ঘরে ফিরবে না- এমন বক্তব্য কুঁজোর সোজা হয়ে হাঁটার স্বপ্নের মতো।" তিনি বলেন, "খালেদা জিয়া মধ্যবর্তী নির্বাচনের দাবি করেছেন। বাড়ি রক্ষার জন্যও তিনি কেঁদেছিলেন। তার দাবি আদায় হয়নি। সরকারের পতন ছাড়া ঘরে ফিরবেন না- এ স্বপ্নও পূরণ হবে না। আওয়ামী লীগ যখন জনগণের মার্চ করবে- তখন কি হবে?" খালেদাকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, "রোডমার্চ করছেন, করুন। রোডমার্চের বক্তব্য সংসদে গিয়ে তুলে ধরুন। তাহলে, সরকারি দল এ ব্যাপারে কথা বলতে পারবে।" তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির নেতৃত্বে চার দল সোমবার সিলেট অভিমুখে রোড মার্চ করে। পরদিন সিলেট শহরে ওই জনসভা করেন খালেদা। জাতীয় চার নেতা পরিষদের আলোচনা সভায় সংগঠনের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বক্তব্য রাখেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জেকে/১৭৪৩ ঘ.