২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক নিয়োগ: সরকার সমর্থক আইনজীবীদের ক্ষোভ

হাইকোর্টে যেভাবে বিচারক নিয়োগ হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সরকার সমর্থক আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 08:42 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টে যেভাবে বিচারক নিয়োগ হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সরকার সমর্থক আইনজীবীরা। বিচারপতি নিয়োগের আগে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে আলোচনা করার জন্যও প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন তারা। মঙ্গলবার এক 'আইনজীবী সমাবেশে' আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম বলেন, "এমনভাবে বিচারক নিয়োগ করা হচ্ছে যার কারণে নিজেদের মধ্যে এবং সারাদেশে আইনজীবীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।" বিচারক নিয়োগে অ্যাটর্নি জেনারেল এবং জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতির উদ্দেশে তিনি বলেন, "সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে স্বচ্ছতা থাকতে হবে। এ প্রতিষ্ঠান রক্ষায় বিচারক নিয়োগে যোগ্যতা, সততা ও মেধার বিষয়ে আপস করা চলবে না। বিচারপতি করার জন্য যেভাবে প্রধান বিচারপতির কাছে তালিকা পাঠানো হচ্ছে সেভাবে পাঠালে হবে না।" গত ৪ অক্টোবর সর্বশেষ হাইকোর্ট বিভাগে ছয় জন বিচারক নিয়োগ দেওয়া হয়। তারা এখনো শপথ নেননি। নতুন নিয়োগপ্রাপ্ত এই ছয়জনকে নিয়ে হাইকোর্টের বিচারকের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে। আমীর প্রশ্ন রাখেন- "অ্যাটর্নি জেনারেল কি সন্তুষ্ট? আইনমন্ত্রী কি সন্তুষ্ট- যারা বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন তাদের যোগ্যতা, দক্ষতা সর্ম্পকে?" সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, "অনেকের এলডি (লোয়ার ডিভিশন ক্লার্ক) হওয়ার যোগ্যতা নেই। তারাও বিচারপতি হয়ে যাবেন, জানি। বিচারবিভাগের ভাবমূতি ক্ষুণœ শুধু বিএনপিই করছে না, আমরাও দায়ী।" বিএনপি সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য বছরখানেক ধরে পরিকল্পিতভাবে কাজ করছে বলেও অভিযোগ করেন এই আইনজীবী। এমইউ আহম্মেদ প্রসঙ্গ উচ্চ আদালতে হট্টগোলের মামলায় গ্রেপ্তার বিএনপিপন্থী আইনজীবী এম ইউ আহম্মেদের মৃত্যু প্রসঙ্গে আমীর-উল-ইসলাম বলেন, "আমরা হাসপাতালে গিয়েছিলাম। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, তিনি আগে থেকেই নানা রোগে আক্রান্ত ছিলেন। তার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল না।" পুলিশ গত ১১ অগাস্ট অ্যাডভোকেট আহম্মেদকে তার বাসা থেকে গ্রেপ্তার করার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। জামিনে থাকা অবস্থায় এর ১৫ দিনের মাথায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। তার স্ত্রী এবং বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ, পুলিশ হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই আহম্মেদের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলে আসছে, গ্রেপ্তারের পরপরই এই আইনজীবীর হার্ট অ্যাটাক হয়েছিলো। নির্যাতনের অভিযোগ উড়িয়ে দিলেও আহম্মেদকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে- তার সমালোচনা করেন আমীর-উল-ইসলাম। সরকার সমর্থক এই আইনজীবী বলেন, "আইনজীবীদের বাড়িতে কেন রাতে পুলিশ যাবে। আইনজীবীর বাড়ি নাগরিকের আইনসম্মত আশ্রয়স্থল। গ্রেপ্তারের প্রয়োজন হলে রাতে ঘিরে রাখুন, সকালে গ্রেপ্তার করুন।" অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "বার সভাপতি খন্দকার মাহবুব হোসেন যেসব বক্তব্য দিয়েছেন, তা অসাংবিধানিক ও অগ্রহণয়োগ্য। তিনি লাশের রাজনীতি শুরু করেছেন। এম ইউ আহমেদের স্বাভাবিক মৃত্যু হলেও তা নিয়ে চরম মিথ্যাচার করছেন।" আহম্মেদের মৃত্যুর পর মাহবুবে আলম হাসপাতালে তার মরদেহ দেখতে গেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেছিলেন, আহম্মেদের সুরতহাল প্রতিবেদনকে প্রভাবিত করতেই অ্যটর্নি জেনারেল হাসপাতালে গেছেন। সুপ্রিম কোর্টের উত্তর হলে আইনজীবী সৈয়দ মামুন মাহবুবের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে আবদুল বাসেত মজুমদার, ইউসূফ হোসেন হুমায়ূন, সুব্রত চৌধুরী, মুনসুরুল হক চৌধুরী, লায়েকুজ্জামান মোল্লা, এ এক এম সাইফুদ্দিন, খান টিপু সুলতান এমপি, বারের সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিক, শেখ আওসাফুর রহমান, সারোয়ার জাহান বাদশা, মমতাজউদ্দিন মেহেদী, আজহারুল্লাহ ভূঁইয়া ও রবিউল আলম বুদু বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/০১২৬ ঘ.