২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসভায় খালেদা

সিলেটে জনসভা শুরু করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সভাস্থলে যাওয়ার আগে হজরত শাহজালালের মাজার জিয়ারত করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 09:37 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

সিলেট, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে জনসভা শুরু করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সভাস্থলে যাওয়ার আগে হজরত শাহজালালের মাজার জিয়ারত করেছেন তিনি। আলীয়া মাদ্রাসা মাঠে চারদলীয় জোটের জনসভা হচ্ছে। বেলা সোয়া ৩টার দিকে বিএনপি চেয়ারপারসন সেখানে পৌঁছালে মুহুর্মুূহু করতালি আর স্লোগানে তাকে স্বাগত জানায় নেতা-কর্মী-সমর্থকরা। মঞ্চে উঠে হাত তুলে সমর্থকদের অভিনন্দনের জবাব দেন তিনি। জনসভার আগে সিলেট শহরে হযরত শাহজালাল এবং খাদিম নগরে হজরত শাহ পরানের মাজার জিয়ারত করেন খালেদা। খালেদা জিয়া সোয়া ৩টায় পৌঁছালেও জনসভায় স্থানীয় নেতাদের বক্তৃতা শুরু হয় দুপুর ২টা থেকে। এতে সভাপতিত্ব করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এম ইলিয়াস আলী। চার দলের উদ্যোগে আয়োজিত এ জনসভাস্থল আলিয়া মাদ্রাসা কানায় কানায় পূর্ণ। মঞ্চে বিএনপি, জামায়াতে ইসলামী, বিজেপি ও ইসলামী ঐক্যজোটের পাশাপাশি লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতারাও রয়েছেন। আলিয়া মাদ্রাসার এ জনসভায় সিলেটসহ আশপাশের জেলাগুলো থেকে নেতা-কর্মী-সমর্থকদের জড়ো করেছে বিএনপিসহ চার দল। এ জন্য ১০টি কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছে। জনসভাকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জনসভায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) প্রায় এক হাজার সদস্য মোতায়েন থাকবে। সভাস্থলে থাকবে আটটি সিসি ক্যামেরা।যে কোনো ধরনের গোলযোগ সৃষ্টিকারীদের সাজা দিতে দুজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। রোড মার্চ করে সোমবার সকালে বিশাল গাড়িবহর নিয়ে ঢাকা থেকে রওনা হয়ে রাতে সিলেটে পৌঁছান খালেদা জিয়া। পথে কয়েকটি স্থানে পথসভায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে জনমত সংগঠনের লক্ষ্যে খালেদা জিয়ার এ রোড মার্চ। সিলেটের পর রাজশাহী অভিমুখে রোড মার্চ করবেন বিএনপি চেয়ারপারসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৩১ ঘ.