সিলেট, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির নেতৃত্বে চার দলের রোড মার্চ করে সিলেট পৌঁছানো খালেদা জিয়া বিকালে সেখানে জনসভা করবেন।
বিএনপির রোড মার্চ ও জনসভাকে কেন্দ্র করে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যে কোনো ধরনের গোলযোগ সৃষ্টিকারীদের সাজা দিতে দুজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া জনসভায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) প্রায় এক হাজার সদস্য মোতায়েন থাকবে। সভাস্থলে থাকবে আটটি সিসি ক্যামেরা।
মঙ্গলবার দুপুর আড়াইটায় নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে সিলেট রোড মার্চের সমাপ্তি টানবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ২৭ সেপ্টেম্বর এই রোড মার্চের কর্মসূচি ঘোষণা করেন খালেদা।
২০০৮ সালের সংসদ নির্বাচনের পর এটি সিলেটে খালেদা জিয়ার প্রথম জনসভা।
এই কর্মসূচি উপলক্ষে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তোরণ নির্মাণ করে বিএনপির নেতা-কর্মীরা। সড়কের পাশে বসানো হয় জিয়াউর রহমান, জিয়া খালেদা এবং তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি।
সোমবার সকালে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সিলেট অভিমুখে রোড মার্চ শুরু করেন বিরোধী দলীয় নেতা। ২৬৫ কিলোমিটারের সড়ক পথে তিনি ছয়টি পথসভা ও কয়েকটি সংক্ষিপ্ত সভায় বক্তব্য দিয়ে রাতে সিলেট এসে পৌঁছান। সেখানে সার্কিট হাউজে খালেদা অবস্থান করেন।
তার প্রেসসচিব মারুফ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিরোধী দলীয় নেতা জনসভায় যাওয়ার আগে শহরে হযরত শাহজালাল (র.) ও খাদিম নগরে হযরত শাহ পরান (র.) এর মাজার জিয়ারত করবেন।"
এদিকে আলীয়া মাদ্রাসার জনসভা উপলক্ষে পুরো সিলেট শহরে ব্যাপক মানুষের সমাগম ঘটেছে। রোড মার্চের সঙ্গে আসা বিশাল গাড়ি বহরের দলীয় নেতা-কর্মী, চার দলের শীর্ষ নেতৃবৃন্দ, এলডিপিসহ বিভিন্ন সমমনা দলের নেতারা শহরের বিভিন্ন হোটেল, রেষ্ট হাউজ ও কমিউনিটি সেন্টারে অবস্থান করছেন।
কর্মীদের খাবারের জন্য ১০টি কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছে।
এই জনসভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বলেন, জনসভার সব প্রস্তুতি শেষ হয়েছে। খালেদা জিয়ার রোড মার্চে পুরো সিলেটবাসীর মধ্যে ব্যাপক সাড়া জেগেছে।
"১২টা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা জনসভায় আসতে শুরু করবেন। এই জনসভাটি এ যাবতকালে বৃহৎ জনসভায় পরিণত হবে বলে আমরা আশা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১১৫০ ঘ.
bdnews24