২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়কে আসতেই হবে: খালেদা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন এ দেশে হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 11:35 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

কিশোরগঞ্জ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন এ দেশে হবে না। তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকেও আসতে হবে।" এই দাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে রোববার সিলেটমুখী রোড মার্চে কিশোরগঞ্জের ভৈরবে এক পথসভায় তিনি এ কথা বলেন। সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই রোড মার্চ কর্মসূচি শুরু হয়। একটি সাদা রংয়ের জিপে করে খালেদা জিয়া এর নেতৃত্ব দেন। এই কর্মসূচি উপলক্ষে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তোরণ নির্মাণ করে বিএনপির নেতা-কর্মীরা। সড়কের পাশে বসানো হয় জিয়াউর রহমান, জিয়া খালেদা এবং তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি। বিভিন্ন স্থানে ব্যান্ড বাজিয়ে দেশাত্মকবোধন গান গেয়ে রোর্ড মার্চকে উৎসাহিত করা হয়। নরসিংদীর বিভিন্ন স্থানে সড়কের পাশে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের ছড়া হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কৃষক দলের কর্মীদের। নেতা-কর্মী-সমর্থকরা ছাড়াও বিভিন্ন স্থানে সাধারণ জনতা রাস্তার দুই ধারে জড়ো হয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানায়। তিনিও হাত নেড়ে জবাব দেন। ঢাকা ছাড়ার পর নারায়ণগঞ্জের তারাব, নরসিংদীর ইটাখোলা মাঠ, ব্রাহ্মণবাড়ীয়ার কোট্টপাড়া এবং কিশোরগঞ্জের ভৈরবে পথসভা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খালেদা জিয়া। সন্ধ্যা ৬টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর হবিগঞ্জে পৌঁছায়। মাধবপুরের হাইওয়ে ইন রেস্ট হাউজে ঘণ্টাখানেক যাত্রাবিরতি করেন বিরোধী দলীয় নেতা। এরপর রাত সাড়ে ৮টার দিকে শায়েস্তাগঞ্জ মোড়ে পথসভা করে মৌলভীবাজারের শেরপুরের উদ্দেশে রওনা হয় গাড়ি বহর। সেখানেও পথসভা করার কথা রয়েছে খালেদা জিয়ার। চারদলীয় জোটের এ রোডমার্চের বহরে এক হাজারের বেশি গাড়ি রয়েছে। খালেদার গাড়িতে রয়েছেন তার ছোটভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা। তবে বিপুল সংখ্যক গাড়ি আর অব্যবস্থাপনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ জটের সৃষ্টি হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোড মার্চ সমন্বয় কমিটির আহবায়ক খন্দকার মোশাররফ হোসেনের গাড়ি দুর্ঘটনায় পড়লে তিনি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার গাড়িতে করে রোড মার্চে অংশ নেন। মঙ্গলবার বিকালে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে শেষ হবে এ রোড মার্চ। গত ২৭ সেপ্টেম্বর এই রোড মার্চের কর্মসূচি ঘোষণা করেন খালেদা। সরকারি দলের নেতাদের দাবি, আন্দোলনের আড়ালে যুদ্ধাপরাধীদের বাঁচানোই এ কর্মসূচির লক্ষ্য। শায়েস্তাগঞ্জ রাত সাড়ে ৮টার দিকে শায়েস্তাগঞ্জ পৌঁছানোর পর বিশ্বরোড মোড়ে পথসভায় অংশ নেন খালেদা জিয়া। তিনি বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সালের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলী, স্থানীয় মহিলা এমপি শাম্মী আক্তার এবং হবিগঞ্জ পৌর বিএনপির মেয়র জি কে গৌস এই পথসভায় বক্তব্য দেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মাধবপুরের হাইওয়ে ইন রেস্ট হাউজে যাত্রাবিরতি করেন বিরোধী দলীয় নেতা। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নামাজ আদায়ের জন্য বিরোধী দলীয় নেতা যাত্রা বিরতি করেছেন।" হবিগঞ্জে আসার আগে ভৈরবে একটি পথসভায় বক্তব্য দেন খালেদা জিয়া। ভৈরব বিকাল ৪টায় ভৈরবের আবেদিন হাসপাতালের কাছে বালুর মাঠে মঞ্চে আসেন খালেদা জিয়া। রোড মার্চ কর্মসূচির কারণ ব্যাখ্যা করে এ পথসভায় তিনি বলেন, "সরকার দেশকে চরম সংকটের মধ্যে ফেলেছে। তারা সবক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। বিশ্বব্যাংক এই দুর্নীতির কারণে পদ্মা সেতু প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে। এখন দুর্নীতি তদন্ত করছে তারা।" বর্তমান সরকার পদ্মাসেতু নির্মাণ করতে পারবে না দাবি করে বিএনপি চেয়ারপার্সন বলেন, "আমরা ক্ষমতায় আসলে পদ্মা সেতু নির্মাণ করা হবে ইনশাল্লাহ।" ভৈরব থানা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে চেয়ারপার্সনের উপদেষ্টা ওসমান ফারুক, জেলা সভাপতি ফজলুর রহমান, সহসভাপতি শরীফুল আলম পথসভায় বক্তব্য দেন। পথসভা শেষে খালেদা জিয়ার গাড়িবহর ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা হলে বিশ্বরোড বাসস্ট্যান্ডের কাছে কয়েকজন কর্মী কাফনে সাদা কাপড় গায়ে মহাসড়কের ওপর শুয়ে পড়েন। তারা দল থেকে বহিস্কৃত ভৈরব থানা সভাপতি গিয়াস উদ্দিনের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। পরে বিরোধীদলীয় নেতার পুলিশ স্কোয়াড তাদের সরিয়ে দেয়। শিবপুর বিকাল পৌনে ৩টায় নরসিংদী জেলার শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ডে পথসভা করেন খালেদা জিয়া। বিএনপি থেকে বহিস্কৃত মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার নির্বাচনী এলাকা হওয়ায় শিবপুর বাসস্ট্যান্ডের বিভিন্ন স্থানে প্রয়াত এই নেতার বড় বড় প্রতিকৃতি সাজানো দেখা যায়। তাতে লেখা- শিবপুরের মাটি, মান্নান ভূঁইয়ার ঘাঁটি।" শিবপুরবাসীর উদ্দেশে খালেদা জিয়া বলেন, ''আপনারা আমাকে তিনবার প্রধানমন্ত্রী বানিয়েছেন। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। দেশকে বাঁচানোর জন্য আমি রাস্তায় নেমেছি। জনগণকে উদ্বুদ্ধ করার জন্য রোডমার্চ করছি।" রোড মার্চের পর আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে জানিয়ে সেই আন্দোলনে সঙ্গে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের সভাপতিত্বে এই পথসভায় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বক্তব্য রাখেন। তারাব ভৈরবে পৌঁছানোর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব বাসস্ট্যান্ডে এক পথসভায় খালেদা জিয়া অভিযোগ করেন, "বর্তমান নির্বাচন কমিশন আজ্ঞাবহ কমিশন। আমরা এই ধরনের কমিশন মানবো না।" বর্তমান সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসেনি বলেও দাবি করেন বিএনপি চেয়ারপার্সন। তিনি বলেন "তাদের যে সব প্রভুরা ক্ষমতায় বসিয়েছে, তারাও মুখ ফিরিয়ে নিয়েছে।" নারায়ণগঞ্জ জেলায় তাঁত শিল্পের নাজুক অবস্থার জন্যও সরকারের নীতিকে দায়ী করেন খালেদা জিয়া। "তাদের ভুল নীতির কারণে বস্ত্র ও তাঁত শিল্প ধ্বংস হয়ে গেছে। অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা বেকার হয়েছে।" সরকার পতনের আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, "এ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের দুর্ভোগ বাড়বে। '৭৪ এর মতো পরিস্থিতি সৃষ্টি হবে। তাই আন্দোলনের মাধ্যমে এদের হটাতে হবে।" তারাব বাসস্ট্যান্ডে দুপুর সাড়ে ১২টার দিকে পথসভা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থানীয় নেতা কাজী মুনীরুজ্জামান। অন্যদের মধ্যে বিএনপি নেতা আবদুল মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হাফিজ উদ্দিন আহমেদ, শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার এতে বক্তব্য রাখেন। অব্যবস্থাপনা সহস্রাধিক গাড়ির দীর্ঘ বহরে চরম অব্যবস্থাপনার কারণে সোমবার ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়ে। সকালে নয়া পল্টন থেকে রোড মার্চ শুরুর পর পুলিশ ও র‌্যাব সদস্যরা যানজট নিয়ন্ত্রণ করে খালেদা জিয়া গাড়িবহরকে এগিয়ে যেতে সহায়তা করেন। কিন্তু খালেদা জিয়ার বহর এগিয়ে যাওয়ার পর পেছনের গাড়িগুলোর মধ্যে শুরু হয় আগে যাওয়ার প্রতিযোগিতা। ফলে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঢাকা-সিলেট মহাসড়কে উঠে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মাইক্রোবাসগুলো দুই-তিন সারিতে আগে যাওয়ার প্রতিযোগিতা শুরু করলে বিশৃঙ্খলা আরো বাড়ে। এক পর্যায়ে চারদলের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান ও ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলনা মোহাম্মদ ইসহাকসহ অনেক জ্যেষ্ঠ নেতার গাড়ি খালেদা জিয়ার গাড়ি বহর থেকে পেছনে পড়ে যায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব এলাকায় ছাত্র দলের কর্মীদের বহনকারী একটি মাইক্রোবাস রোড মার্চ সমন্বয় কমিটির আহবায়ক খন্দকার মোশাররফ হোসেনের গাড়িকে ধাক্কা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। এরপর ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার গাড়িতে করে রোড মার্চে অংশ নেন মোশাররফ। এছাড়া গণমাধ্যমকর্মীদের গাড়িগুলোকে খালেদা জিয়ার গাড়িবহরে যুক্ত না করায় সাংবাদিকরা মূল বহর থেকে কয়েক কিলোমিটার দূরে জটের মধ্যে পড়েন। ফলে তাদের অনেকেই নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়ার পথসভায় সময়মতো পৌঁছাতে পারেননি। এ বিষয়ে অভিযোগ করলে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রহুল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, "সাংবাদিকরা অবশ্যই পুলিশ প্রটেকশনের বাইরে থাকবেন। তারা কীভাবে সংবাদ সংগ্রহ করবেন, তা তাদের নিজস্ব বিষয়।" জাসাসের অগ্রগামী দল রোড মার্চে অগ্রগামী দল হিসেবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের শিল্পীরা পথসভার মঞ্চগুলোতে সংগীত পরিবেশন করেন। কণ্ঠ শিল্পী কনা, মুনীর খান, বাদশা বুলবুল, অভিনেতা উজ্জ্বল, চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ারও এসময় উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার গাড়ি বহর একটি স্থানে পৌঁছানোর আগেই শিল্পীরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। এছাড়া বিএমএর সাবেক মহাসচিব এবিএম জাহিদ হোসেনের নেতৃত্বে ১০টি 'মেডিকেল টিমও' অংশ নেয় এই রোড মার্চে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/জেকে/২১৫০ ঘ.