ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার পতনের ডাকে জনগণের সমর্থন আদায়ের লক্ষ্যে সিলেটমুখে খালেদা জিয়ার রোড মার্চ নারায়ণগঞ্জের তারাব ছাড়িয়েছে। তারাব-তে একটি পথসভা হয়েছে।
বিশাল গাড়িবহর নিয়ে সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রওনা হন বিরোধীদলীয় নেতা।
চারদলীয় জোটের এ রোডআর্চে খালেদার গাড়ি সবার সামনে, পেছনে রয়েছে নেতাদের গাড়ি। চারদলীয় জোটের নেতারাও রয়েছেন গাড়িবহরে।
খালেদার গাড়িতে রয়েছেন তার ছোটভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা। খালেদার সফরসঙ্গী রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকাসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা।
মঙ্গলবার সিলেট পৌঁছনোর আগে ২৬৫ কিলোমিটার দীর্ঘ পথে বিরোধীদলীয় নেতা ছয়টি নির্ধারিত পথসভায় বক্তব্য দেবেন।
প্রথম পথ সভাটি হবে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাব চৌরাস্তা মোড়ে। এরপর পর্যায়ক্রমে তিনি নরসিংদীর ইটাখোলা, ব্রাক্ষণবাড়িয়ার কোট্টাপাড়া, কিশোরগঞ্জের ভৈরব, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুরে পথসভা করবেন।
মঙ্গলবার বিকালে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে শেষ হবে এ রোড মার্চ।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল ও মধ্যবর্তী নির্বাচনের দাবিতে জনমত গড়ে তুলতে গত ২৭ সেপ্টেম্বর এই রোড মার্চের কর্মসূচি ঘোষণা করেন খালেদা।
তবে সরকারি দলের নেতাদের দাবি, আন্দোলনের আড়ালে যুদ্ধাপরাধীদের বাঁচানোই এ কর্মসূচির লক্ষ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৫৫ ঘ.
bdnews24