ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে সিলেট অভিমুখে বিএনপির রোড মার্চে পথসভার স্পটগুলো পরিদর্শন করেছে পাঁচ সদস্যের রোড মার্চ সমন্বয়ক কমিটি।
বৃহস্পতিবার রোড মার্চ সমন্বয়ক কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে কমিটি এসব স্পট পরিদর্শন করে।
ঢাকা-সিলেট রুটে রোড মার্চে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব চৌরাস্তা, নরসিংদীর ইটাখোলা মাঠ, কিশোরগঞ্জের ভৈরব, ব্রাক্ষনবাড়ীয়ার বাঙ্গাল পাড়া উচ্চ বিদ্যালয় মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোড় ও মৌলভীবাজারের শেরপুরে পথসভায় বক্তব্য দেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
মোশাররফ বলেন, "বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ঢাকা-সিলেট রোড মার্চে ছয়টি পথসভা বক্তব্য দেবেন। আমরা আজ (বৃহস্পতিবার) স্পটগুলো পরিদর্শন করছি। সর্বত্র নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখেছি। প্রচারও চলছে সমানভাবে।"
মৌলভীবাজারের শেরপুরে হবে সর্বশেষ পথসভাটি। এরপর সিলেট পর্যন্ত কোনো পথসভা থাকবে না। "কারণ পরদিন ১১ অক্টোবর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে খালেদা জিয়ার জনসভা রয়েছে", যোগ করেন মোশাররফ।
১০ অক্টোবর গুলশানের বাসা থেকে খালেদা জিয়া সকাল সাড়ে ৯টায় সিলেট অভিমুখে যাত্রা শুরু করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৭১৬ ঘ.
bdnews24