২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিসি: কাউন্সিলর পদে ২৭ মনোনয়নপত্র বাতিল

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাছাই শেষে কাউন্সিলর পদে মোট ২৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাছাই শেষে কাউন্সিলর পদে মোট ২৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। সরকারি সংস্থার তালিকাভুক্ত ঠিকাদার ও ঋণ খেলাপি হওয়ায় ওই মনোনয়নপত্রগুলো বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। বুবধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের চাষাঢ়া জিয়া হল মিলনায়তনে অস্থায়ী নির্বাচন কমিশন কার্যালয়ে সাধারণ কাউন্সিলার পদে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়। এদিন সাধারণ কাউন্সিলার পদে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। মঙ্গলবার বাতিল করা হয় আট জনের। কাউন্সিলর পদে ২৫১ জনের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। এর আগে প্রথমদিনে মেয়র পদে আট জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৬ জনের মনোনয়নপত্র বাছাই করে সবকটি বৈধ ঘোষণা করা হয়। এ নিয়ে তিনটি পদে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৩১৫ জন। তবে বাতিল হওয়া ২৭ জন আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে পারবেন। রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান জানান, সিটি কর্পোরেশনসহ সরকারি সংস্থার তালিকাভুক্ত ঠিকাদার এবং ঋণ খেলাপি হওয়ায় বুধবার সাধারণ কাউন্সিলার পদে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি আরো জানান, কাগজপত্রের ঘাটতি থাকায় বেশ কয়েকজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। অনেকে কাগজপত্র জমা দিয়েছে সেগুলো পরীক্ষা করা হচ্ছে। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা তিন দিনের মধ্যে বিভাগীয় নির্বাচন কমিশনারের কাছে আপিল করতে পারবেন বলেও জানান লুৎফর। বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা হবে বৃহস্পতিবার। আগামী ১২ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৩ অক্টোবর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাতে পারবেন ৯ অক্টোবর থেকে। ৩০ অক্টোবর হবে ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/এমএইচসি/এএল/২০২৮ ঘ.