২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঝিনাইদহ, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ১৫ জনতে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইলমারী গ্রামে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ চলে। আধিপত্য বিস্তার নিয়ে মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য মো. লিটন মোল্লার সঙ্গে আওয়ামী লীগ সমর্থক বাবুল হোসেনের বিরোধ চলে আসছিলো। শৈলকুপা থানার ওসি আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর জের ধরে উভয়পক্ষের মধ্যে রোববার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাল, সড়কি, রামদা, লাঠি-সোঁটা নিয়ে মারামারি হয়। তখন পুলিশ গিয়ে তা থামায়। সোমবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুনরায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান। সংঘর্ষের জন্য বিএনপিকে দায়ী করে বাবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিটন গ্র"প আমাদের জমি জোর করে দখল করার জন্য রোববার বিকালে হামলা চালায়। এতে আমার পক্ষের ২০ জন আহত হয়। এর মধ্যে ১১ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে বিএনপি নেতা লিটন মোল্লা অভিযোগ করেন, বাবুলের অনুসারীরা তার সমর্থকদের ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, তার পক্ষের ২০ জনের বাড়িতে এবং চারটি দোকানে ভাংচুর চালানো হয়। পুলিশ কর্মকর্তা আহসান জানান, ওই গ্রামে এখনো উত্তেজনা বিরাজ করছে। সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ মোতায়েন আছে সেখানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৯৩০ ঘ.