ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের শিল্প ও কৃষি উৎপাদনকে গতিশীল করতে প্রতি বছর ২ অক্টোবর জাতীয় 'উৎপাদনশীলতা দিবস' পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে 'উৎপাদনশীলতা বৃদ্ধি' বিষয়ে এক সম্মেলনের উদ্বোধনে 'উৎপাদনশীলতা কর্মসূচিকে' একটি জাতীয় আন্দোলন হিসেবেও ঘোষণা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, "উৎপাদনাশীলতার উন্নয়ন একক প্রচেষ্টায় সম্ভব নয়। এজন্য সরকার, মালিক ও শ্রমিক, রাজনীতিবিদ, পরিকল্পনাবিদ, গবেষক, পেশাজীবী, সিভিল সোসাইটি, গণমাধ্যমসহ সবাইকে এগিয়ে আসতে হবে।"
উৎপাদনশীলতা আন্দোলনকে বেগবান করতে প্রতিবছর শ্রেষ্ঠ শিল্প প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের জাতীয়ভাবে 'প্রোডাকটিভিটি' ও 'কোয়ালিটি' অ্যাওয়ার্ড দেওয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
মালিক ও শ্রমিকের সুসম্পর্ক না থকালে কাক্সিক্ষত উৎপাদনশীলতা পাওয়া যাবে না উল্লেখ করে করে শেখ হাসিনা বলেন, "আমি মনে করি, উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে মালিক, ট্রেড ইউনিয়ন এবং সরকার- এই তিন পক্ষের সমান দায়িত্ব রয়েছে।"
ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন এবং এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশনস সোসাইটি ফর বাংলাদেশ রাজধানীর রূপসী বাংলা হোটেলে এ সম্মেলনের আয়োজন করে।
দারিদ্র্যকে এ অঞ্চলের 'প্রধান শত্র"' হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন, "দারিদ্র্য দূর করতে হলে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। খাদ্য-বস্ত্রসহ নিত্য প্রয়োজনীয় সব সামগ্রী আমাদেরই উৎপাদন করতে হবে।"
সীমিত প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে শ্রমিকরা বেশি মজুরি পাবেন, মালিকরা অধিক মুনাফা পাবেন। ভোক্তারা পাবেন সস্তায় মানসম্মত পণ্য ও সেবা। সর্বোপরি উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। শিল্পায়ন তরান্বিত হবে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচন সহজ হবে।"
সমান উপকরণ ব্যবহার করে আগের তুলনায় বেশি পণ্য উৎপাদন ও সেবা দেওয়াই উৎপাদনশলীতা বৃদ্ধির মূল বিষয়- এ কথা জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে আরো সচেতন হওয়ার তাগিদ দেন হাসিনা।
বিশ্বের অনেক দেশের তুলনায় কৃষিতে বাংলাদেশের উৎপাদনশীলতা 'অনেক কম' উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতি হেক্টরে ধানের গড় উৎপাদন যেখানে ৪ টন, সেখানে চীনে প্রায় ৬.৬ টন এবং জাপানে ৬.৫২ টন ধান হয়।
বাড়িঘর, শিল্প-কারখানা ও রাস্তাঘাট নির্মাণ এবং নদী ভাঙনসহ বিভিন্ন কারণে প্রতি বছর আবাদি জমির পরিমাণ প্রায় ১ লাখ একর করে কমে যাচ্ছে বলেও অনুষ্ঠানে জানান তিনি।
দক্ষতাকে উৎপাদনশীলতার একটি 'বড় উপাদান' হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজন প্রশিক্ষণ। সরকারি পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও বেসরকারি শিল্প-কারখানা মালিকরা প্রশিক্ষণের বিষয়ে খুব একটা মনযোগী বলে মনে হয় না।"
ন্যায্য মজুরি ভাতার পাশাপাশি শ্রমিকদের বিনোদনের সুযোগ দেওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, "ভাল কাজের জন্য পুরস্কার আর মন্দ কাজের জন্য তিরস্কার- এ ব্যবস্থা প্রতিটি সংস্থায় থাকা প্রয়োজন।"
মানব সম্পদ ও যন্ত্রের ব্যবহারের সমন্বয় আনার বিষয়েও একটি সমন্বয় আনার কথা বলেন প্রধানমন্ত্রী।
'মাল্টিলেটারাল কনফারেন্স অন প্রোডাক্টিভিট মুভমেন্ট ইন বাংলাদেশ: স্ট্র্যাটেজি ফর ২০১১' শীর্ষক এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী দীলিপ বড়–য়া। অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শ্রমমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারাকাত, শিল্প সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী এবং এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশনস সোসাইটির মহাসচিব রাইয়ুচিরো ইয়ামাজাকি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৩২৫ ঘ.
bdnews24