ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির রোড মার্চে যোগ দেবে কর্নেল (অব.) অলি আহমেদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
অলি শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার নেতৃত্বে দল ওই কর্মসূচিতে অংশ নেবে।
শনিবার রাতে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে বৈঠকের পর অলি বলেন, "বর্তমান সরকারকে হটাতে খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে এলডিপি থাকবে।"
গত ২৭ সেপ্টেম্বর নয়া পল্টনের চার দলের জনসভা থেকে খালেদা জিয়া সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম অভিমুখে অক্টোবরে তিনটি রোড মার্চ করার ঘোষণা দেন।
রাত পৌনে ৯টা থেকে দেড় ঘণ্টা স্থায়ী বৈঠকে চলমান আন্দোলন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের কর্মসূচির বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অলি।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষ করে গত ২৮ সেপ্টেম্বর দেশে ফেরেন অলি আহমেদ।
রমজানের আগে খালেদা জিয়ার গুলশানের বাসায় কর্নেল অলি আহমেদের প্রথম বৈঠক হয়। এই বৈঠকের পর সরকারবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার সঙ্গে এলডিপি থাকার আনুষ্ঠানিক ঘোষণা দেন অলি আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৫৮ ঘ.
bdnews24