ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার খালেদা জিয়ার হুমকির জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলকে নির্বাচনে আসতেই হবে।
গণভবনে শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বিরোধী দলের সঙ্গে সংসদে আলোচনার পথ খোলা রয়েছে বলেও আবার মন্তব্য করেন হাসিনা।
বিএনপি চেয়ারপারসন খালেদা গত মঙ্গলবার ঢাকায় জনসভায় হুঁশিয়ারি দেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।
এর জবাবে প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, "নির্বাচন হবেই, হবেই, হবেই। জনগণ নির্বাচন করবেই, করবেই, করবেই।
"উনি (খালেদা) এত কথা বলছেন,,, উনি নির্বাচনে আসবেন। উনাকে নির্বাচনে আসতেই হবে। গণতন্ত্রে বিশ্বাস করলে, রাজনীতিতে বিশ্বাস করলে নির্বাচনে আসতেই হবে।"
নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ প্রধান বলেন, জনগণ নির্বাচন চায়। ভোট দেওয়া জনগণের সাংবিধানিক অধিকার।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দেওয়ার জন্য খালেদাকে দায়ী করেন শেখ হাসিনা।
২০০৬ সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দিকে ইঙ্গিত করে হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকারকে আজকের বিরোধীদলীয় নেতার প্রশ্নবিদ্ধ করেছিলেন।
সর্বোচ্চ আদালত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করার পর সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। ফলে এখন এখন নির্বাচিত সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে।
২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিশেষ কারাগার থেকে মুক্তি পাওয়ার পর খালেদা তৎকালীন পরিস্থিতিকে 'নিয়ন্ত্রিত গণতন্ত্র' হিসাবে উল্লেখ করেছিলেন।
সে সময়ে জাতীয় দৈনিকে প্রকাশিত সাবেক এই প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে শেখ হাসিনা বলেন, "উনি কি সেই নিয়ন্ত্রিত গণতন্ত্র চান? সেজন্যই উনি আবার তত্ত্বাবধায়ক সরকার চান কি না? উনি কি ওনার আর ওনার দু'ছেলের ওপর অত্যাচার ভুলে গেছেন?"
চলমান রাজনৈতিক মতপার্থক্য দূর করতে বিরোধী দলের সঙ্গে আলোচনা করা হবে কি না- প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী বলেন, "তিনি (খালেদা) তো সময় বেঁধে দিয়েছেন সরকার উৎখাতের, তাহলে আর আলোচনা কীসের?
"সংসদে চলে আসুক, সংসদে কথা বলুক, সংসদেই আলোচনা হবে।"
সরকার পতনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জনসভায় খালেদা বলেছিলেন, আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে বর্তমান সরকারকে বিদায় করা হবে।
তবে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তরের আশা প্রকাশ করে হাসিনা বলেন, জনগণ নির্বাচন চায়। ভোট দেওয়া জনগণের সাংবিধানিক অধিকার। জনগণ যদি ভোট না দেয়, সে ক্ষমতা আমরা চাই না।
জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমরা এখনো কোনো দলকে নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করছি না। তবে, যারা সন্ত্রাসী কর্মকান্ড করবে, তাদের বিচার অবশ্যই হবে।"
মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "মন্ত্রিসভার পরিবর্তন আমাদের এখতিয়ার। পরিবর্তন হলে তো দেখবেন।
যুক্তরাষ্ট্র সফর এবং জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণের অভিজ্ঞতা জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হলেও এতে বিরোধী নেত্রীর ২৭ সেপ্টেম্বরের জনসভার বক্তব্যের জবাবও দেন প্রধানমন্ত্রী।
আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগে খালেদা জিয়ার প্রস্তাবকে 'উত্তম প্রস্তাব' হিসাবে আখ্যায়িত করে হাসিনা বলেন, "আমরা চাই- আলোচনার মাধ্যমে বিষয়টি স্বচ্ছ হোক। জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে নির্বাচন কমিশনের নিয়োগের বিষয়টি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে।"
গত ১৯ সেপ্টেম্বর ঢাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা তুলে ধরে এ দলের 'ধ্বংসাত্মক' কর্মকাণ্ডের বিষয়ে জনগণকে সজাগ থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আওয়ামী লীগ প্রধান।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়েছে। তবে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।
দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "জিনিষের দাম বেড়েছে সত্যি। তবে এর সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে। আগে যে ১০০ টাকা কামাতো, এখন সে ৩০০ টাকা কামাচ্ছে।"
মোটা চাল ঢাকার বাইরে ২৬ থেকে ২৮ টাকা এবং ঢাকায় তা ৩০ টাকায় পাওয়া যাচ্ছে বলে জানান তিনি। "গুলশান, বারিধারার বাজারে গেলে চলবে না। আমি আজকে গ্রামে খবর নিয়েছি," বলেন তিনি।
২৭ সেপ্টেম্বরের সমাবেশে খালেদা জিয়ার দেওয়া আশ্বাস জনগণ কতটুকু বিশ্বাস করবে- সে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, "এর আগে, ২০০১ সালেও উনি (খালেদা জিয়া) এ রকম বক্তব্য দিয়েছিলেন। কিন্ত, ভাগ্য পরিবর্তন হয়েছিলো- ওনার আর ওনার পরিবারের।"
খালেদা জিয়ার অপ্রদর্শিত আয় বৈধ করার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "একটা দেশের সরকার প্রধান যদি দুর্নীতি করে টাকা কামান, আর জরিমানা দিয়ে সে টাকা সাদা করেন- তাহলে দেশটা কোথায় তলিয়ে যাচ্ছিলো ?"
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের জবাবে শেখ হাসিনা বলেন, "ওনার মিথ্যা আশ্বাস জনগণ বিশ্বাস করবে না।"
দেশে বিদ্যুতের উৎপাদন বাড়াতে বাজেট ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা দু'বছরে বিদ্যুত উৎপাদন দু'হাজার মেগাওয়াট বাড়িয়েছি। ওনারা পাঁচ বছরে ১২০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন কমিয়েছিলো।"
গ্যাস উৎপাদন বাড়াতেও সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও কৃষিতে বাৎসরিক ২২ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "সব বিছুতে ভর্তুকি দিলে উন্নয়ন সম্ভব নয়।"
র্যাব ও পুলিশকে প্রশিক্ষণ না দেওয়ার জন্য বিদেশি রাষ্ট্রগুলোর প্রতি খালেদা জিয়ার আহ্বানে বিস্ময় প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, "র্যাব তাদের সৃষ্টি। ২০০৫ সালে খালেদা জিয়া বলেছিলেন, 'ক্রসফায়ার মিডিয়ার ভুল ব্যাখ্যা। র্যাব ও সন্ত্রীদের বন্দুকযুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে'। সে সময় আমিই প্রথম ক্রসফায়ারে প্রতিবাদ করেছিলাম।"
প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের শুরুতেই তার ১১ দিনের যুক্তরাষ্ট্র সফর এবং জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণের বিষয়ে বক্তব্য রাখেন।
তিনি বলেন, "সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নেওয়ার মাধ্যমে আমি চেষ্টা করেছি- বিশ্বের কাছে বাংলাদেশের উদার, শান্তিকামী ও গণতান্ত্রিক ভাবমূর্তিকে ঊর্ধ্বে তুলে ধরতে।"
"সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান আমি তুলে ধরেছি," বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে দেশ ও দেশের বাইরে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।"
গণভবনের ব্যাংকুয়েট হলে দেড় ঘণ্টার এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬৫২ ঘ.
bdnews24