ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা সংক্রান্ত হাইকোর্টের আদেশ নিষ্পত্তি না হওয়ায় জিয়া অরফ্যানেজ ট্রাস্ট মামলায় অভিযোগ গঠন হয়নি।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে করা এ মামলায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আসামি।
রোববার অভিযোগ গঠনের শুনানির ধার্য দিনে আসামিপক্ষ অভিযোগ গঠনের বিষয়ে হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানির জন্য সময় চায়।
তখন ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসেন আগামী ১৫ মার্চ পর্যন্ত শুনানি মুলতবি করেন।
মামলার নথিপত্রে দেখা যায়, এ নিয়ে অভিযোগ গঠনের শুনানি পঞ্চমবারের মতো পিছিয়ে গেলো।
আসামি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় হাইকোর্ট তারেক রহমানের জামিনের মেয়াদ গত ২৩ জানুয়ারি এবং খালেদা জিয়ার জামিনের মেয়াদ গত ৬ ডিসেম্বরে ছয় মাসের জন্য বাড়িয়ে দেন।
রোববার আদালতে খালেদা জিয়ার হাজিরার জন্য সময় চাওয়া হয়। আর তারেক রহমানের পক্ষে আইনজীবীর মাধ্যমে হাজিরা দাখিল করা হয়।
এ মামলার অন্য আসামি বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদের জন্যও সময় চাওয়া হয়।
মামলার অন্য দুই আসামি সাবেক প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং মোমিনুর রহমান পলাতক রয়েছেন।
জিয়া অরফ্যানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন ঢাকার রমনা থানায় মামলাটি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৪২০ ঘ.
bdnews24