২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পঙ্গু বৃদ্ধের জমি লিখে নিলেন আ'লীগ নেতা'

প্রতারণা করে পক্ষাঘাতে পঙ্গু বৃদ্ধের জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

বরিশাল, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণা করে পক্ষাঘাতে পঙ্গু বৃদ্ধের জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বয়স্ক ভাতা দেওয়ার জন্য জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করার কথা বলে দলিলে স্বাক্ষর নেওয়া হয় জামাল সরদারের (৬৫)। এরপর ওই স্ট্যাম্পে তার ২২ শতাংশ জমি লিখে নেয় প্রতারকরা। বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে এ ঘটনা ঘটে গত সোমবার (২৪ জানুয়ারি)। জামাল সরদারের অভিযোগ, বয়স্কভাতার কার্ড করে দেওয়ার কথা বলে হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ভগ্নিপতি ও সদস্য জয়নাল সিকদার এবং তার সহযোগী আবুল বাশার দপ্তরী গত ২৪ জানুয়ারি তাকে উপজেলা সদরে নিয়ে যায়। সেখান থেকে নেয় রেজিস্ট্রি অফিসে। সেখানে দলিল লেখক সেলিম মোক্তার স্ট্যাম্পে লেখার পর তাতে জামাল সরদারের টিপসই নেয়। এ সময় রেজিস্ট্রি অফিসার তাকে কিছু জিজ্ঞেস করেননি বলে দাবি করেন ওই বৃদ্ধ। পরে এলাকার লোকজন জানতে পারে ওই জমির ১৭ শতাংশ জয়নাল সিকদার এবং ৫ শতাংশ সেলিম মোক্তারের নামে লিখিয়ে রেজিস্ট্রি করা হয়েছে। হরিনাথপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বয়স্ক ভাতার তালিকা স্থানীয় আওয়ামী লীগ নেতারা করেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ভগ্নিপতি একাজ করেছে। ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রেজাউল মাষ্টার বলেন, বৃদ্ধের জমি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া নেওয়া হবে। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন সিকদার, তার ভগ্নিপতি জয়নাল সিকদার, আবুল বাসার দপ্তরী ও সেলিম মোক্তার'র সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা মোবাইল ফোন রিসিভ করেননি। গত ৯ বছর যাবত জামাল সরদার পঙ্গু ও বধির জীবনযাপন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৩ ঘ.