ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় বিএনপির ডাকা রোববারের হরতালের প্রতি সমর্থন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের পক্ষে সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমর্থন ঘোষণা করেন।
তিনি সাংবাদিকদের জানান, স্থানীয় বিএনপি ব্রাহ্মণবাড়িয়ায় রোববার যে হরতাল ডেকেছে, তাতে কেন্দ্রীয় বিএনপি সমর্থন দিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনে ভোট 'ডাকাতির' অভিযোগ এনে আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে জেলা বিএনপি সভাপতি হারুন আল রশীদ তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী নির্বাচিত হয়েছেন।
তিনি ৪০ হাজার ৫১০ ভোটে হারান বিএনপির প্রার্থীকে।
আওয়ামী লীগের সংসদ সদস্য লুৎফল হাই সাচ্চুর মৃত্যুতে আসনটি শূন্য হয়।
প্রধান বিরোধী দল বিএনপি রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলন করে এই আসনের ফল প্রত্যাখ্যান করে পুনর্র্নিবাচন দাবি করেছে।
দলটির দাবি, নির্বাচন সুষ্ঠু হয়নি। এর আগে পাঁচটি কেন্দ্রে দলীয় প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে জোর করে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ এনে কেন্দ্রগুলোতে আবার ভোট দাবি করে বিএনপি।
এদিকে উপনির্বাচন ও পৌর নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে গুলশানের কার্যালয়ে রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩২০ ঘ.
bdnews24