ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনে ভোট 'ডাকাতির' অভিযোগ এনে আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে জেলা বিএনপি সভাপতি হারুন আল রশীদ তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় রোববারের হরতাল কর্মসূচির প্রতি সমর্থন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের পক্ষে সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমর্থন ঘোষণা করেন।
তিনি সাংবাদিকদের জানান, স্থানীয় বিএনপি ব্রাহ্মণবাড়িয়ায় রোববার যে হরতাল ডেকেছে, তাতে কেন্দ্রীয় বিএনপি সমর্থন দিয়েছে।
এদিকে উপনির্বাচন ও পৌর নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে গুলশানের কার্যালয়ে রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেছেন খালেদা জিয়া।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী নির্বাচিত হয়েছেন।
এই আসনের ১২৬টি কেন্দ্রে মোকতাদির এক লাখ ২৫ হাজার ১৪১ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. খালেদ হোসেন মাহবুব পেয়েছেন ৮৪ হাজার ৬৩১ ভোট।
আওয়ামী লীগের সংসদ সদস্য লুৎফল হাই সাচ্চুর মৃত্যুতে আসনটি শূন্য হয়।
প্রধান বিরোধী দল বিএনপি রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলন করে এই আসনের ফল প্রত্যাখ্যান করে পুনর্র্নিবাচন দাবি করেছে।
দলটির দাবি, নির্বাচন সুষ্ঠু হয়নি। এর আগে পাঁচটি কেন্দ্রে দলীয় প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে জোর করে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ এনে কেন্দ্রগুলোতে আবার ভোট দাবি করে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/পিডি/এইচএ/আরএ/১২০০ ঘ.
bdnews24