ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শাহ এ এম এস কিবরিয়া হত্যার আবারো বিচার চাইলেন তার ছেলে রেজা কিবরিয়া।
তিনি দুঃখ করে বলেন, "বাবা (কিবরিয়া) হত্যার বিচার দাবিতে আর কতো দিন রাজপথে দাঁড়িয়ে থাকতে হবে? রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে দাঁড়িয়ে থাকার ঘটনা বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও ঘটে না।"
এই আওয়ামী লীগ নেতার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে শাহ্ এ এম এস কিবরিয়া স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় এভাবেই বাবা হত্যার বিচার দাবি করেছেন রেজা কিবরিয়া।
তিনি অভিযোগ করেন, কিবরিয়া হত্যার পর জাতীয় ও আন্তর্জাতিক মহল থেকে এ হত্যাকাণ্ডের বিচারের দাবি উঠলেও তৎকালীন সরকার কোনো ব্যবস্থা নেয়নি।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন কিবরিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম বলেন, "শাহ্ এ এম এস কিবরিয়া হত্যা, আহসান উল্লাহ মাস্টার হত্যা, ২১ অগাস্টের গ্রেনেড হামলা সবই এক সূত্রে গাঁথা। কিবরিয়া হত্যার মূল হোতা ছিলো তৎকালীন সরকার। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে তারা এ ঘটনা ঘটিয়েছে।"
স্মরণসভায় বক্তারা অবিলম্বে কিবরিয়া হত্যার বিচার দাবি করেন।
বঙ্গবন্ধু স্মৃতি চর্চা কেন্দ্রের সভাপতি শাহ্ আব্দুল মোসাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এইচএ/২১৪০ ঘ.
bdnews24