ফেনী, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংগঠনের বই বিক্রির সময় ফেনীর ফুলগাজী উপজেলায় হিজবুত তাওহীদের ছয সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে ফুলগাজী বাজারে থেকে উগ্রপন্থী ধর্মীয় সংগঠন হিসেবে পরিচিতি হিজবুত তাওহীদের এই ছয় সদস্যকে ৫৪ ধারায় আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন- ফুলগাজী উপজেলার বশিকপুর গ্রামের শাহাদাত হোসেন মাসুম (২১), এনামুল হক (১৫), ছাগলনাইয়ার পূর্ব সোনাপুরের নিজাম উদ্দিন (২৩), ফেনী সদরের ধর্মপুরের তারিকুল ইসলাম (১৮), রাস্তারখিল গ্রামের জালাল বিন মাহাতিব (২৮) ও উজালিয়া গ্রামের গোলাম মোস্তফা হায়দার (২৩)।
ফুলগাজী থানার ওসি শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা কিছু বিতর্কিত বই ফুলগাজী বাজারে বিক্রি করছিলো।
এ সময় বাজার কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক শহীদুল্লাহ থানায় খবর দেন।
ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
মঙ্গলবার বরিশালের উজিরপুরে সংগঠনটির বিরুদ্ধে স্থানীয় মুসুল্লিদের মিছিলে হামলা চালায় হিজবুত তাওহীদের সদস্যরা।
এ ঘটনায় পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24