ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপি উপ-নির্বাচনে সেনা মোতায়েনের দাবি তুললেও নির্বাচন কমিশন (ইসি) বলছে, তাদের ছাড়াও সুষ্ঠু নির্বাচন সম্ভব।
অবশ্য সেনা মোতায়েন করা বা না করার বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। কমিশন জানিয়েছে, সরকারের পক্ষ থেকে এখনো সাড়া মেলেনি, তবে তারা আশাবাদী।
বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
সেনা মোতায়েন হচ্ছে কি না- জানতে চাইলে ছহুল হোসাইন বলেন, "নির্বাচনে আইন শৃঙ্খলাবাহিনীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি তাদের দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।"
প্রতিটি নির্বাচনী এলাকায় চার কোম্পানি বিজিবি, এক কোম্পানি র্যাব, এক কোম্পানি আর্মড পুলিশ ব্যাটালিয়ন মিলে ৬/৭ শ' সদস্য নিয়োজিত থাকবে বলে জানান তিনি।
"তাই সেনা মোতায়েন ছাড়াও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে", বলেন ছহুল।
এর আগে মঙ্গলবার সেনা সদস্য চেয়ে সশস্ত্রবাহিনী বিভাগে তাগিদ দেয় নির্বাচন কমিশন।
এ বিষয়ে ছহুল সাংবাদিকদের বলেন, "এখনো সাড়া মেলেনি। তবে আশাবাদী।"
সেনা মোতায়েন ছাড়া সুষ্ঠু নির্বাচনের সব ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, "ঝুঁকিপূর্ণ প্রতিটি ভোটকেন্দ্র ঘিরে দুই গজ দূরে নিরাপত্তাবলয় গড়ে তুলবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।"
এছাড়া উপ-নির্বাচনে ইউনিয়নভিত্তিক এবং পৌর এলাকার প্রতিটি ভোট কেন্দ্রকে ঘিরে ভ্রাম্যমাণ এবং স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে।
সাখাওয়াত জানান, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে পুরো এলাকায় নিরপত্তার বিষয়টি সমন্বয় করতে বলা হয়েছে। কোনো গোলযোগের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাকেই এর দায় নিতে হবে।
বৃহস্পতিবার হবিগঞ্জ-১ এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে এবং দেশের বিভিন্ন জেলার ১২টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
কমিশন জানিয়েছে, উপ-নির্বাচনী এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে ২৭ জন এবং পৌর নির্বাচনী এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে ১৯ জন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।
প্রিসাইডিং কর্মকর্তা নিয়ে বিএনপির আপত্তি
এদিকে প্রধান বিরোধী দল বিএনপি হবিগঞ্জ-১ আসনের ১১টি কেন্দ্রের ১১ জন প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাকে প্রত্যাহারের লিখিত দাবি জানিয়েছে।
এ বিষয়ে ছহুল হোসাইন বলেন, "ওই তালিকার তিন জন তো প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বেই নেই। বিএনপি প্রতিনিধিরা কারো কাছ থেকে শুনেই হয়তো অভিযোগ এনেছেন।"
রিটার্নিং কর্মকর্তা মো. এমরান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১১ জনের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এদের মধ্যে দুইজন দায়িত্ব পালন করছে না। আর তিনজন দায়িত্বে থাকলেও অন্য কেন্দ্রে নিয়োজিত। অভিযোগের কারণে বাকি ৬ জনকে সতর্ক করে দেওয়া হয়েছে।"
প্রিসাইডিং কর্মকর্তাদের প্যানেল প্রকাশের পর আপত্তি করার সুযোগ ছিল- জানিয়ে তিনি আরো বলেন, "নির্বাচনের একদিন আগে এ ধরনের অভিযোগ করা ঠিক নয়। তবুও সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এআরআর/এএল/জেকে/২০৩৫ ঘ.
bdnews24