২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংসদে যাওয়ার পরিবেশ রাখেনি সরকারি দল'

সংসদ বর্জন করে আসা প্রধান বিরোধী দল তাদের অনুপস্থিতির দায় সরকারি দলের ওপর চাপিয়ে বলেছে, ক্ষমতাসীননা চায় না বিএনপি সংসদে ফিরে যাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 09:57 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে যোগ দেওয়ার প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার অভিযোগ করেছেন, বিরোধী দল যাতে সংসদে না থাকে সেজন্য সরকারি দল নানাভাবে সংসদের 'পরিবেশ নষ্ট' করেছে। মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করেন, "সংসদে কেন যাবো? সেখানে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয় না।" "সংসদে কোনো পরিবেশ নেই। শত শত নোটিশ দেওয়া হয়েছে, একটিও গ্রহণ করা হয়নি। বিরোধী দলের বিরুদ্ধে কুৎসিত ভাষায় সেখানে কেবল কটাক্ষ করা হয়", বলেন আনোয়ার। নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিএনপি যোগ দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, "আমরা প্রথম অধিবেশনে গিয়েছিলাম। আপনারা দেখেছেন- তারা কিভাবে আমাদের ঝেঁটিয়ে বের করে দিয়েছে। "আমাদের আসন সংখ্যা কমিয়ে দিয়েছে। এভাবে নানাভাবে তারা (সরকারি দল) পরিবেশ বিনষ্ট করেছে, যাতে বিরোধী দল সংসদে না থাকে।" মঙ্গলবার বিকাল ৩টায় নবম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শুরু হয়। সর্বশেষ গত বছরের ২ জুন বিরোধী দল সংসদে যোগ দিয়েছিলো। এরপর টানা ৪৮ কার্যদিবস তারা অনুপস্থিত রয়েছেন। সংসদ সচিবালয়ের হিসাব অনুযায়ী, নবম সংসদের ১৭৪ কার্যদিবসের মধ্যে বিরোধী দলের সদস্যরা গড়ে ৪৪দিন অনুপস্থিত রয়েছেন। দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম অধিবেশনে একদিনও তারা যাননি। পঞ্চম অধিবেশনে গেছেন মাত্র একদিন। এর মধ্যে গত ৯ ডিসেম্বর শেষ হওয়া সপ্তম অধিবেশন পর্যন্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সংসদে টানা অনুপস্থিতি ৫০ দিন। তিনি সর্বশেষ গত বছরের ৪ এপ্রিল সংসদে যোগ দিয়েছিলেন। সংবিধানের ৬৭ (খ) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্য টানা ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ শূন্য হয়ে যাবে। বিরোধী দলের সংসদে না যাওয়ার কারণ ব্যাখ্যা করে আনোয়ার বলেন, "প্রধানমন্ত্রীসহ সরকারি দলের সদস্যরা সংসদে বসে আমাদের প্রয়াত নেতা জিয়াউর রহমানের বিরুদ্ধে কুৎসিত ভাষায় কথা বলেন। "প্রধানমন্ত্রী বলেছেন, জিয়ার কবরে লাশ নেই। আমি যদি জিজ্ঞাসা করি- শেখ মুজিবের কবরে লাশ আছে কিনা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেবি/এমআই/১৫৫০ ঘ.