২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালপুরে সরকার সমর্থকদের গোলাগুলি

নাটোরের গোপালপুর পৌর নির্বাচনে পরাজয়ের জের ধরে সরকার সমর্থক দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

নাটোর, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের গোপালপুর পৌর নির্বাচনে পরাজয়ের জের ধরে সরকার সমর্থক দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করেছে দুটি পক্ষ। তবে পুলিশ আহত কাউকে খুঁজে পায়নি। ঘটনাস্থলে একটি মটরসাইকেল পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় গোপালপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। লালপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক দুই মেয়র প্রার্থীর পরাজয়ের পর থেকে উভয় পক্ষের সমর্থকরা পরস্পরকে দায়ী করে আসছে। এ অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপালপুর রেলগেট এলাকায় মেয়র পদ প্রার্থী গোলাম মোর্তুজার সমর্থক যুবলীগ কর্মী মোবারক হোসেন ও অপর মেয়র প্রার্থী সাইফুল ইসলামের সমর্থক মোশারফ হোসেন এর মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তিন রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে যুবলীগ কর্মী মোশারফ ও সোহান গুলিবিদ্ধ হয়েছে বলে দুই পক্ষই দাবি করেছে। ঘটনার এক পর্যায়ে মোবারক সমর্থকরা একটি মটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই উভয় পক্ষ সটকে পড়ে। প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, তারা কয়েক রাউন্ড গুলির শব্দ পেয়েছেন। তবে কে কাকে মেরেছে তা বলতে পারবেন না। পরাজিত মেয়র প্রার্থী ও লালপুর থানা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর থেকেই মোবারক তার ক্যাডারদের নিয়ে তার নেতা কর্মীদের ওপর হামলা চালিয়ে আসছিলো। আজও তারা গুলি করেছে। তবে গোলাম মোর্তুজা এ অভিযোগ অস্বীকার করে বলেন, এটা নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় নয়। তার সমর্থকরা কেউ হামলা চালায়নি। লালপুর থানার ওসি তোরিকুল ইসলাম বলেন, গুলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাউকেই পাওয়া যায়নি। কেউ এখন পর্যন্ত অভিযোগও করেনি। আহতদেরও সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে ঘটনাস্থল থেকে একটি মটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৮ ঘ.