ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র সংগঠনগুলোতে নিয়মিত সম্মেলনের মাধ্যমে কমিটি না হওয়ায় নতুন নেতা সৃষ্টি হচ্ছে না বলে মনে করেন তোফায়েল আহমদ।
ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, "নতুন নেতা সৃষ্টি না হওয়ায় বাংলাদেশের অবক্ষয় চলছে।"
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সোমবার 'ঊনসত্তরের গণ-আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গণ-অভ্যুত্থানে নিহত আসাদ, মতিউর, মকবুল, রুস্তম, ড. শামসুজ্জোহা ও সার্জেন্ট জহরুল হকের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে উল্লেখ করে গণ-অভ্যুত্থানের সময় গঠিত ছাত্র সংগ্রাম পরিষদের এই নেতা বলেন, "ঊনসত্তরের গণ-অভ্যুত্থান সৃষ্টি না করলে বঙ্গবন্ধু মুক্ত হতো না এবং স্বাধীনতা আসতো না।"
২১ বছর ধরে ডাকসু নির্বাচন হয় না উল্লেখ করে তিনি বলেন, "৬০-এর দশকের ছাত্রনেতারা টেন্ডারবাজি কাকে বলে জানত না। ছাত্রনেতারা বিলাসিতা করত না, আদর্শ নিয়ে রাজনীতি করত।"
ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল হায়দার বলেন, "সঠিকভাবে ছাত্র সমাজকে পরিচালিত করা যাচ্ছে না বলে দেশ ও জাতির এই দুর্দশা।"
রাজধানীর মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে জাতীয় স্বাধীনতা পরিষদ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ।
এতে জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এ্যামিলি, বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদের সভাপতি তালুকদার মো. জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বিশ্ব বাঙালি পরিষদের সভাপতি আব্দুল খালেক ও জাতীয় স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক মো. সিদ্দুকুর রহমান বক্তব্য দেন।
এদিকে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সোমবার বিকালে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল হায়দার, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা মহসিন মন্টু, মাহমুদুর রহমান মান্না, আবুল কাশেম, এমএ রশিদ, এএফএম ফখরুল ইসলাম মুন্সি, আব্দুর রউফ, খালেদ মোহাম্মদ আলী, সুধীর কুমার, নূরুল কবীর হাওলাদার, কেএম সাইফুদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২২৩২ ঘ.
bdnews24