২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্তের পর প্রয়োজনে পুনর্নির্বাচন: ইসি

চট্টগ্রাম ও সিলেটের পাঁচ পৌরসভায় নির্বাচনে অনিয়মের বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 09:13 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও সিলেটের পাঁচ পৌরসভায় নির্বাচনে অনিয়মের বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর প্রয়োজনে পুনর্নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে।" এই পাঁচ পৌরসভা হলো- সেনবাগ, নেয়াখালী, হবিগঞ্জ, ফেনী ও কুমিল্লার নাঙ্গলকোট। মঙ্গলবার এসব পৌরসভায় নির্বাচন হয়। এর মধ্যে গোলযোগের কারণে সেনবাগে নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন। নোয়াখালীর ২৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭টিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ ছাড়া ভোট স্থগিত করা হয় ফেনীর দুটি এবং হবিগঞ্জ ও নাঙ্গলকোটের একটি কেন্দ্রে । পৌরসভা নির্বাচনের অভিযোগ দায়েরের জন্য ইতোমধ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল ও নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে জানিয়ে সাখাওয়াত বলেন, "এখানে যাবতীয় অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দলগুলো চাইলে এখানে নতুন অভিযোগও দায়ের করতে পারবে।" বিএনপি ইতোমধ্যে বৃহত্তর নোয়াখালীর সব কটিসহ ১৮ পৌরসভায় নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন দাবি করেছে। তারা বলেছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের নির্বাচনে ক্ষমতাসীন দল প্রভাব খাটিয়েছে। গত ১৩ জানুয়ারি পৌর নির্বাচনের বিরোধ নিষ্পত্তির জন্য ৬৪ জেলায় আলাদাভাবে 'নির্বাচনী ট্রাইব্যুনাল' ও নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়। স্থানীয় সরকার (পৌরসভা) আইনে বলা হয়েছে, এই আইনের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচন বা গৃহীত নির্বাচনী কার্যক্রম বিষয়ে নির্বাচন ট্রাইব্যুনাল ছাড়া কোনো আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে আপত্তি উত্থাপন করা যাবে না। প্রার্থী ছাড়া অন্য কোনো ব্যক্তি ওই নির্বাচন বা নির্বাচনী কার্যক্রম বিষয়ে আপত্তি উত্থাপন ও প্রতিকার প্রার্থনা করে নির্বাচন ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন না। নির্বাচনের ফলের গেজেটে প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে নির্বাচন বা নির্বাচনী কার্যক্রম বিষয়ে আপত্তি উত্থাপন ও প্রতিকার চেয়ে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করা যাবে। মামলা দায়েরের ১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবে ট্রাইব্যুনাল। এ ছাড়া নির্বাচন ট্রাইব্যুনালের রায়ে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হলে রায় ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। আপিল দায়েরের তারিখ থেকে ১২০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করা হবে। গত ১২, ১৩, ১৭, ১৮ জানুয়ারি দেশের সাত বিভাগে ২৪২ পৌরসভায় নির্বাচন হয়। আগামী ২৭ জানুয়ারি বিভিন্ন জেলার ১৪ পৌরসভায় নির্বাচনের কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/এএল/জেকে/১৭১৭ ঘ.