২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী, লক্ষীপুর ও ফেনীতে বিএনপির হরতাল

পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্র দখলের অভিযোগে ও পুনর্নির্বাচনের দাবিতে বৃহত্তর নোয়াখালীতে বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 04:37 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্র দখলের অভিযোগে ও পুনর্নির্বাচনের দাবিতে বৃহত্তর নোয়াখালীতে বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে। নোয়াখালী, লক্ষীপুর ও ফেনীতে এই হরতাল চলছে। হরতাল চলাকালে ফেনীতে একটি বাসে বোমা হামলা ও অপর একটি বাসে ভাংচুর করা হয়। এ ছাড়া আর কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বৃহত্তর নোয়াখালীতে পৌরসভা নির্বাচনে মঙ্গলবার ভোট চলাকালে ক্ষমতাসীন দল ভোটকেন্দ্র দখল করেছে অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবিতে নোয়াখালী, লক্ষীপুর ও ফেনীতে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় স্থানীয় বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নোয়াখালী প্রতিনিধি জানান, হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকালেই নোয়াখালী জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেয়। শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা শহরে টহল দিচ্ছে। বিএনপি'র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে সকাল সাড়ে ১০টার দিকে শহরে হরতাল সমর্থকদের একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে মো. শাহজাহান, মেয়র প্রার্থী হারুনুর রশিদ আজাদ ও স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন। মঙ্গলবারের পৌর নির্বাচন ১৯৮৮ সালের ভোট ডাকাতির নির্বাচনকেও হার মানিয়েছে বলে অভিযোগ করে বক্তারা নোয়াখালী পৌরসভার সব কেন্দ্রের ভোট বাতিলের দাবি জানান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পিকেটাররা শহরের সোনাপুর, দত্তেরহাট, পৌর বাজার, পাঁচ রাস্তার মোড়, বড় সমজিদ মোড়, মহিলা কলেজ রোড ও বিভিন্ন স্থানে পিকেটারদের সংখ্যা বাড়তে থাকে। তবে নিরাপত্তা বাহিনীর উপস্থিতির সঙ্গে তাল মিলিয়ে তারা তাদের অবস্থান পরিবর্তন করে। জেলার সেনবাগেও হরতাল পালিত হচ্ছে। সেনবাগ পৌরসভা এলাকায় দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর আগে নোয়াখালী, সেনবাগ, ফেনী ও লক্ষীপুর পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জন করেন। মঙ্গলবার বিএনপি'র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহানের নোয়াখালী জেলা শহরের বাসায় সংবাদ সম্মেলন করে পৌরসভা নির্বাচন পুনরায় অনুষ্ঠানের দাবিতে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়। নির্বাচন কমিশন সেনবাগের সবগুলো কেন্দ্রের এবং নোয়াখালী পৌরসভার ২৫টির মধ্যে ১৭টি কেন্দ্রের ভোট স্থগিত করেছে। আমাদের লক্ষীপুর প্রতিনিধি জানান, লক্ষীপুর জেলা শহরে বেশিরভাগ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রাস্তায় অল্প সংখ্যক রিকশা দেখা গেছে। হরতালের সমর্থনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকালেই শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। মান্দারী, জকসিন, দওপাড়া, চন্দ্রগঞ্জ ও দালাল বাজারে বিএনপি'র কর্মীরা মিছিল ও পিকেটিং করে। লক্ষীপুর-ঢাকা সড়কের যাদিয়ায় রাস্তায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ফেনী শহরেও দোকানপাট রয়েছে। রিকশা চলাচল করছে তবে সংখ্যায় কম। দূরপাল্লায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬১৩ ঘ.