২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অল্প ব্যবধানে এগিয়ে থাকলো বিএনপি

বর্তমান সরকারের দুই বছরের মাথায় দেশজুড়ে হয়ে গেলো পৌর নির্বাচন। পর্যায়ক্রমে চারদিনে সাতটি বিভাগের ২৪২টি পৌরসভায় নির্বাচন শেষ হয়েছে। মঙ্গলবার পর্যন্ত পাওয়া ফলে সরকারি দল আওয়ামী লীগের চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে আছে প্রধান বিরোধীদল বিএনপি সমর্থিত প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 09:24 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান সরকারের দুই বছরের মাথায় দেশজুড়ে হয়ে গেলো পৌর নির্বাচন। পর্যায়ক্রমে চারদিনে সাতটি বিভাগের ২৪২টি পৌরসভায় নির্বাচন শেষ হয়েছে। গোলযোগের কারণে কয়েকটি স্থানে ভোট স্থগিত করা হলেও সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সাত বিভাগের এই পর্যন্ত পাওয়া ফলে সরকারি দল আওয়ামী লীগের চেয়েও অল্প ব্যবধানে এগিয়ে আছে প্রধান বিরোধীদল বিএনপি সমর্থিত প্রার্থীরা। দুটি দলই 'বিদ্রোহী' প্রার্থীদের নিয়ে বিব্রতকর পরিস্থিতে পড়ে। যে কারণে অনেক বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারও করা হয়। প্রধান বিরোধী দল ভোট কারচুপিসহ নানা অভিযোগ করলেও ভোটের ফল মেনে নিয়েছে। নির্বাচন হওয়া ২৪২টির গোলযোগের কারণে একটি পৌরসভায় ভোট বাতিল এবং ছয়টি পৌরসভার ২৫টির বেশি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। এছাড়া কয়েকটি কেন্দ্রের ফল ঘোষণা স্থগিত করা হয়েছে। ফল ঘোষণা করা ২৩৫টি পৌরসভার মধ্যে প্রধান বিরোধীদল বিএনপি সমর্থিত প্রার্থীরা ৯৩ পৌরসভায় নির্বাচিত হয়েছেন। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিতরা জিতেছেন ৮৮টি পৌরসভায়। দুই দলের ব্যবধান ৫। এই দুই দলের বিদ্রোহীদের মধ্যে আওয়ামী লীগের ২০ এবং বিএনপির নয়জন মেয়র নির্বাচিত হয়েছেন। তবে দল দুটির শরিকরা পিছিয়ে আছে স্বতন্ত্র প্রার্থীদের চেয়ে। যেখানে স্বতন্ত্র প্রাথীরা ১৭টি পৌরসভায় বিজয়ী হয়েছেন সেখানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত প্রার্থীরা দুটি এবং বিএনপির জোট শরিক জামায়াতের পাঁচজন মেয়র হয়েছেন। রংপুর ও রাজশাহী ছাড়া আরো কোনো বিভাগের পৌরসভায় এই দুটি দলের সমর্থিত প্রার্থীরা জিততে পারেননি। এই দলগুলোর বাইরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি সমর্থিত প্রার্থী একটি মাত্র পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন। চারদিনের ফল পর্যালোচনা দেখা যায়, আওয়ামী লীগ ও বিএনপি দুদিন করে এগিয়ে ছিলো। বিভাগীয় ফলের দিকে থেকে আওয়ামী লীগ এগিয়ে আছে শুধু বরিশাল ও ঢাকায়। তবে রাজধানীর আশপাশে ভালো করেছে বিএনপি। অন্যদিকে রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এগিয়ে আছে বিএনপি। আওয়ামী লীগ পেয়েছে- বরিশালে ১৪, ঢাকায় ২৭, রংপুরে ৭, রাজশাহীতে ১১, খুলনায় ৮, সিলেটে ৬ ও চট্টগ্রামে ১৫টি। বিএনপি পেয়েছে- বরিশালে ১, ঢাকায় ২২, রংপুরে ৮, রাজশাহীতে ২৪, খুলনায় ১৩, সিলেটে ৯ ও চট্টগ্রামে ১৬টি। সবচেয়ে বেশি আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী জিতেছেন খুলনায় ৭। এর পরে আছে ঢাকায় ৬, রাজশাহীতে ৫, চট্টগ্রাম ও সিলেটে একজন করে। সবচেয়ে বেশি বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী জিতেছেন রাজশাহী ও খুলনায় তিনজন করে। একজন করে রয়েছেন রংপুর, ঢাকা ও চট্টগ্রামে। সারা দেশে ৩০৯টি পৌরসভার মধ্যে গত ২ ডিসেম্বর ২৬৯ পৌরসভার তফসিল করে নির্বাচন কমিশন। সিটি করপোরেশন ঘোষণা, মেয়াদ উত্তীর্ণ না হওয়া ও আইনি জটিলতার কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধে কয়েকটি পৌরসভাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। আরো কয়েকটি অন্তর্ভুক্ত করা হয়। এ কারণে নির্বাচনযোগ্য পৌরসভার সংখ্যা দাঁড়ায় ২৫৭। এর মধ্যে বিভিন্ন কারণে স্থগিত হওয়া ১৪টি পৌরসভায় ২৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করে কমিশন। নির্বাচনের একদিন আগে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নির্বাচন স্থগিত করে আদালত। ঘোষিত তফসিল অনুযায়ী ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চারদিনে ২৪২টি পৌরসভায় নির্বাচন শেষে হয়েছে। এর মধ্যে নির্বাচনের দিন গোলযোগ হওয়ায় নোয়াখালীর সেনবাগ পৌরসভায় ভোট স্থগিত করা হয়। এছাড়া চট্টগ্রাম ও ঢাকা বিভাগের সাতটি পৌরসভার নির্বাচনের ফল ঘোষণা স্থগিত রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় এবং হবিগঞ্জের একটি কেন্দ্রে কিছু অঘটন ছাড়া সার্বিকভাবে ভালো নির্বাচন হয়েছে। আমরা এতে সন্তুষ্ট।" বিএনপি চারদিনই কারচুপি, অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ তোলে। সর্বশেষ মঙ্গলবার দলটি ১৮টি পৌরসভায় পুনর্র্নিবাচন দাবি করে। বৃহত্তর নোয়াখালীর তিনটি জেলায় হরতাল ডাকে। তবে বিরোধী দলের অভিযোগ নাকচ করে দিয়ে ইসি বলেছে, সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। এর এক মাসের মাথায় উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলেও মহাজোট সমর্থিতদের একচ্ছত্র আধিপত্য ছিল। চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগে সরকারি দল সমর্থিত প্রার্থীরা ১৫ এবং বিএনপি সমর্থিত প্রার্থীরা ১৬টি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন। এই বিভাগে আওয়ামী লীগ ও বিএনপি একজন করে বিদ্রোহী প্রার্থীও বিজয়ী হয়েছেন। মঙ্গলবারের নির্বাচনে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া, বারৈয়ারহাট, মিরসরাই, সন্দ্বীপ, পটিয়া ও বাঁশখালী; নোয়াখালীর বসুরহাট, চৌমুহনী ও চাটখিল; ফেনী সদর ও পরশুরাম; কুমিল্লার চৌদ্দগ্রাম, চাঁদপুরের ছেংগারচর; লক্ষ্মীপুর সদর ও রামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। নোয়াখালীর হাতিয়া পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী। বিএনপি সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের রাউজান ও সাতকানিয়া; ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া; কুমিল্লা জেলার চান্দিনা, দাউদকান্দি, বরুড়া; চাঁদপুরের হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব; লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি; খাগড়াছড়ি জেলার মাটিরাঙা; বান্দরবান সদর ও লামা এবং রাঙামাটি পৌরসভায়। চাঁদপুরের ফরিদগঞ্জে বিজয়ী হয়েছেন বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী। এছাড়া চট্টগ্রামের চন্দনাইশে এলডিপি সমর্থিত প্রার্থী এবং খাগড়াছড়ি সদর এবং কুমিল্লার লাকসাম ও হোমনায় নির্দলীয় প্রার্থী জয়ী হয়েছেন। নোয়াখালীর সেনবাগ পৌরসভায় নির্বাচন গোলোযোগের কারণে স্থগিত করা হয়েছে। এছাড়া নোয়াখালী সদর, কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট ও ফেনীর সোনাগাজী পৌরসভার ফল স্থগিত রাখা হয়েছে। সিলেট বিভাগ সিলেট বিভাগে আওয়ামী লীগ সমর্থিত ছয়জন এবং বিএনপি সমর্থিত নয়জন মেয়র নির্বাচিত হয়েছেন। বিএনপির কোনো 'বিদ্রোহী' প্রার্থী না জিতলেও সরকারি দলের 'বিদ্রোহী' একজন মেয়র হয়েছেন। মঙ্গলবারের নির্বাচনে সিলেট জেলার কানাইঘাট ও জকিগঞ্জ পৌরসভা এবং সুনামগঞ্জ সদর, ছাতক ও দিরাই; হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। হবিগঞ্জের মাধবপুরে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বিএনপি সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, ও বড়লেখা; সুনামগঞ্জের জগন্নাথপুর এবং হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট পৌরসভায়। ঢাকা সোমবার ঢাকা বিভাগের ১৭ জেলায় ৬৩টি পৌরসভায় নির্বাচনের পর রাত একটা পর্যন্ত ৬১টির বেসরকারি ফল ঘোষিত হয়েছে। এর মধ্যে ২৭টিতে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং ২২টিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়া ৬ পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী, একটিতে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী এবং ৫টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। আটটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করায় গাজীপুরের কালিয়াকৈর এবং ৯টি কেন্দ্রের মধ্যে ১টির ভোট গণনা স্থগিত করায় টাঙ্গাইলের ঘাটাইলের ফল স্থগিত রয়েছে। বরিশাল ও খুলনা গত বৃহস্পতিবার বরিশাল ও খুলনা বিভাগের ৪৯ পৌরসভার নির্বাচনে ২২ পৌরসভায় মেয়র পদে সরকার সমর্থিতরা নির্বাচিত হয়েছেন। ১৪ পৌরসভায় জিতেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। বরিশাল বিভাগের ছয় জেলার ১৯ পৌরসভায় ক্ষমতাসীন দলের সমর্থিত মেয়র নির্বাচিত হয়েছেন ১৪ পৌরসভায়। বিরোধীদল সমর্থিত প্রার্থী মাত্র একটি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন। খুলনা বিভাগে ৩০ পৌরসভার মধ্যে ১৩ পৌরসভায় বিএনপি সমর্থিত আর আট পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। তিনজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ 'বিদ্রোহী' সাতজন ও বিএনপির 'বিদ্রোহী' পাঁচজন প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। রাজশাহী ও রংপুর গত বুধবার দুই বিভাগে বিভাগের ৭২ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিরোধীদল বিএনপি সমর্থিত ৩২ প্রার্থী নির্বাচিত হন। ১৮ পৌরসভায় জিতেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। চার পৌরসভায় বিএনপি'র বিদ্রোহী প্রার্থী ও পাঁচ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হন। এছাড়া স্বতন্ত্র ছয়জন, জামায়াত সমর্থিত পাঁচজন ও জাতীয় পার্টি সমর্থিত দুজন মেয়র নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/সিএম/এসআই/এমএইচসি/ডিডি/জেকে/এমএসবি/০৩২১ ঘ.